ক্যামেরনের আপ্যায়ন
নতুন সিনেমা ‘দ্য আদার ওমেন’-এর সেটে কলাকুশলীদের সঙ্গে নিয়ে ফাস্টফুড পিকনিকের আয়োজন করেছেন হলিউডি অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। সিনেমাটির শুটিংয়ের শেষদিন প্রায় এক হাজার ডলার খরচ করে ম্যাকডোনাল্ডসের খাবার দিয়ে কলাকুশলীদের আপ্যায়ন করেছেন ক্যামেরন।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, ১৩ অগাস্ট ‘দ্য আদার ওমেন’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর কলাকুশলীদের সবাইকে নিয়ে এই পিকনিকের আয়োজন করেন ক্যামেরন। এই পিকনিকে উপস্থিত ছিলেন সিনেমাটিতে তার সহশিল্পী লেজলি ম্যান এবং কেট আপটনসহ ইউনিটের সবাই।
ইন টাচ ম্যাগাজিন এক সূত্রের বরাতে জানিয়েছে,সিনেমার শেষ দৃশ্যটি শুটিং করার জন্য ব্যাপক পরিশ্রম করছিলেন সবাই। আর কাজ শেষে প্রত্যেকেই ছিলেন ক্ষুধার্ত। তখন ক্যামেরন তার সহকারীকে এক হাজার ডলার দিয়ে ম্যাকডোনাল্ডসে পাঠান।
সূত্রটি আরও জানায়, পুরো বিষয়টি বড় কোনো পিকনিকের মতো মনে হচ্ছিল। সবাই খুবই খুশি হন এতে।
