২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইরেসি ঠেকাতে নতুন উদ্যোগ

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অডিও প্রযোজকদের ফোরাম ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড। পাইরেসি ঠেকাতে অডিও প্রযোজকদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সহসভাপতি হাসান মতিউর রহমান যাত্রা শুরুর ঘোষণা দেন বুধবার সন্ধ্যায়।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 05:58 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

হাসান মতিউর রহমান বলেন, “ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট পরীক্ষামূলকভাবে একটি কার্যক্রম শুরু করেছে বেশ কয়েকমাস হল। প্রতিষ্ঠানটি নিবন্ধনের মাধ্যমে বৈধ এজেন্টদের কাছে গান পৌঁছে দেবে। এজেন্টরা বৈধভাবে মেমোরি কার্ডে গান ডাউনলোডের ব্যবসা পরিচালনা করবেন।”

তিনি আরও বলেন, “এটা পাইরেসি রোধের নতুন কৌশল। এতে লাখ লাখ পাইরেটারের জায়গায় নির্দিষ্ট সংখ্যক বৈধ এজেন্ট নিয়োগের ফলে পাইরেটারদের উচ্ছেদ করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্ট বিভিন্ন প্রযোজকের অনুমতি সাপেক্ষে নেওয়া গানগুলোই শুধু সরবরাহ করছে এজেন্টদের কাছে।”

তিনি আরও বলেন, “সংগীত প্রণোদনা প্রতিষ্ঠান হিসেবে সরকারের কাছ থেকে নিবন্ধন পেয়েছি সম্প্রতি। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অনুমতিও আছে। বর্তমানে আমাদের ২৭৮ জন এজেন্ট। তারা রেজিস্ট্রেশন বাবদ ৫ হাজার ও প্রতি মাসে ২ হাজার টাকা করে দিচ্ছেন।”

ঢাকার স্থানীয় একটি রেস্তোঁরায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্টের সভাপতি ও লেজার ভিশনের কর্ণধার একেএম আরিফুর রহমান। আরও উপস্থিত ছিলেন সংগীতার কর্ণধার সেলিম খান, সিডি চয়েজের এমদাদ সুমন, অনুপম রেকর্ডিং মিডিয়ার আনোয়ার হোসেন, দোয়েল প্রোডাক্টের কর্ণধার শিল্পী জানে আলম, সোনালি প্রোডাক্টের ইকবাল হোসেন, ফাহিম মিউজিকের কর্ণধার মনির হোসেন, ইমপ্রেস অডিও ভিশনের আসাদ ইসলামসহ প্রায় সকল অডিও প্রযোজক, প্রকাশক এবং অনেক শিল্পী।