২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু দিবসে আসছে ‘গাড়িওয়ালা’

আশরাফ শিশির পরিচালিত ‘গাড়িওয়ালা’ সিনেমাটি ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবসে মুক্তি পেতে যাচ্ছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে সিনেমাটি সরকারি অনুদান পেলেও পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে এটি মুক্তি দেওয়া হবে বলে পরিচালক জানিয়েছেন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 05:27 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

আশরাফ শিশির এ বিষয়ে গ্লিটজকে বলেন, “সরকারি অনুদানে নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা এটি। এ জন্য আমরা সরকারের কাছ থেকে দশ লাখ টাকা অনুদান পেয়েছি। তবে এটি তৈরি করতে খরচ হয়েছে ৩৯ লাখ টাকা। সিনেমাটি তৈরিতে আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করেছি যেন প্রেক্ষাগৃহে এটি প্রদর্শন করা যায়।”

আশরাফ আরও বলেন, “এই সিনেমার মূল বিষয়বস্তু শিশু। তাদের জীবনযাপন এবং মনস্তাত্ত্বিক দিক তুলে ধরা হয়েছে। সবদিক বিবেচনা করে বিশ্ব শিশু দিবসে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।”

এই সিনেমার স্বল্পদৈর্ঘ্য ভার্সনটি ৫৫ মিনিট দৈর্ঘ্যরে। আর পূর্ণদৈর্ঘ্য ভার্সান ১ ঘণ্টা ত্রিশ মিনিটের বলে জানিয়েছেন এই নির্মাতা।

তিনি জানিয়েছেন, চলচ্চিত্রের চূড়ান্ত রাশ প্রিন্ট দেখেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ২৭ অগাস্ট তথ্য মন্ত্রণালয়ের অডিটরিয়ামে আমন্ত্রিত অতিথিদের সামনে প্রদর্শন করা হয় এ রাশ প্রিন্ট। প্রদর্শনী শেষে জুরি কমিটি চলচ্চিত্রটির প্রশংসা করেন এবং সেন্সর বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেন।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী কবরী সারোয়ার এমপি, গোলাম সারওয়ার, সালাহউদ্দিন জাকি, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযুষ বন্দ্যোপাধ্যায়, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব হারুন-অর-রশিদ প্রমুখ।

আশরাফ শিশিরের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ‘গাড়িওয়ালা’তে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী, মাসুম আজিজ, ইমরান, সানসি ফারুক, মোসলেম, আর জে মুকুল ও সাকি ফারজানা, মিরাক্কেলখ্যাত সিডর সুমন, মাটির ময়নাখ্যাত মোসলেম, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পী হিসেবে অভিনয় কেরছেন মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন সামিরা আব্বাসী এবং রাফায়েত নেওয়াজ।