২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যারির প্রেম

ব্যান্ড ‘ওয়ান ডাইরেকশন’ এর গায়ক হ্যারি স্টাইলস খোলামেলা আলোচনা করেছেন টেইলর সুইফটের সঙ্গে তার বিচ্ছেদ এবং নিজের জীবনের প্রেম ভালোবাসা নিয়ে। জানিয়েছেন, সুন্দর হাসির একজনকে প্রেমিকা হিসেবে চান তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 05:51 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

কন্টাক্টমিউজককে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি সম্প্রতি জানান, খ্যাতি বিচার করে নয় বরং মানুষটি কেমন- তা দেখেই কাউকে পছন্দ করেন তিনি। হ্যারি বলেন, “একজন মানুষকে তার ব্যক্তিত্ব দেখে পছন্দ করি আমি। আর তাই কাউকে ডেট করার ক্ষেত্রে তার খ্যাতির কথা বিচার করতে যাব না আমি।”

তবে কি ধরনের প্রেমিকা চান তিনি? এ প্রশ্নের উত্তরে হ্যারি বলেন, “এমন কেউ যে খুব হাসতে পারে আর যার হাসিটা সুন্দর। এমন কেউ যার সঙ্গে আমি মজা করতে পারব। যে নতুন নতুন কাজ করতে এবং নতুন জায়গায় যেতে পছন্দ করে।”

এদিকে, ইউএস উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে গীতিকার হিসেবে সাবেক প্রেমিকা টেইলর সুইফটের প্রশংসা করেন হ্যারি। তাদের ব্যর্থ প্রেমের কাহিনি নিয়ে বেশ কয়েকটি সুপারহিট গান লিখেছেন টেইলর- বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখেন তিনি। তিনি চান টেইলর তাদের ব্যর্থ প্রেমের কাহিনি নিয়ে আরও গান লিখুন।

হ্যারি বলেন, “এটা আমার বলা একদমই উচিত হবে না যে টেইলর আমাদের কাহিনি নিয়ে গান লিখতে পারবেন না। কারণ প্রতিটি মানুষই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে গান লেখেন।”

কয়েক মাস প্রেম করার পর হ্যারির সঙ্গে বিচ্ছেদ ঘটে টেইলরের। এরপর সম্প্রতি অনুষ্ঠিত ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’ এর অনুষ্ঠানে হ্যারির ব্যান্ডদলের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করে আবারও আলোচনায় আসেন টেইলর। আর টেইলরের এই বাজে ব্যবহারের উত্তরে হ্যারি কৌতুক করে বলেন, “আর কিছু ভালো না হলেও একজন গীতিকার হিসেবে টেইলর ভালো।”