২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় উদয় শঙ্করের কল্পনা

পণ্ডিত উদয় শঙ্কর নির্মিত চলচ্চিত্র ‘কল্পনা’ ঢাকায় প্রদর্শিত হবে বৃহস্পতিবার সন্ধ্যায়। চলচ্চিত্রটি প্রদর্শনীর ব্যবস্থা করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। আইজিসিসির গুলশান কেন্দ্রে চলচ্চিত্রবিষয়ক একটি বইয়ের মোড়কও উন্মোচন হবে ওইদিন।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 05:33 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

আইজিসিসি জানিয়েছে, সাদাকালো চলচ্চিত্রটি দুবার ডিজিটাল সম্পাদনা করা হয় ২০০৯ ও ২০১০ সালে। দ্বিতীয়বার সম্পাদনা করে নির্মাতা মার্টিন স্কোরসেসের প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সিনেমা ফাউন্ডেশন। ঢাকায় দ্বিতীয় কপিটি দেখানো হবে। এটি দেখাতে সহায়তা করছেন পণ্ডিত উদয় শঙ্করের মেয়ে শ্রীমতি মমতা শঙ্কর।

আইজিসিসি আরও জানিয়েছে, ওইদিন চলচ্চিত্র প্রদর্শনীর আগে চলচ্চিত্র নিয়ে লেখা একটি বইও প্রকাশ করা হবে। ‘ডিরেক্টরি অফ বেঙ্গলি সিনেমা’ নামের বইটি সম্পাদনা করেছেন কাজী অর্নিবাণ ও পরিমল রায়। বইটিতে চলচ্চিত্রের ১০০ বছরের ইতিহাসের পাশাপাশি কিছু প্রামাণ্য দলিলও সংযোজিত হয়েছে।

পণ্ডিত উদয় শঙ্কর পরিচালিত ও প্রযোজিত ‘কল্পনা’ (১৯৪৮) চলচ্চিত্রটিতে মূলত তরুণ নৃত্যশিল্পীর স্বপ্ন ও বাস্তবতা তুলে ধরা হয়েছে। এর চিত্রনাট্য করেছেন পণ্ডিতজি নিজেই। এতে আরও অভিনয় করেছেন উদয় শঙ্করের স্ত্রী অমলা শঙ্কর। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সর্বপ্রথম সম্পূর্ণ নৃত্যবিষয়ক একটি চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটিতে সংযোজন করা হয়েছে ৮২টি নৃত্যের দৃশ্য। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন বিষ্ণুদাস শিরালি। চিত্রগ্রহণ করেছেন কে রামনাথ।