সৈয়দ শামসুল হকের ঈর্ষা
সৈয়দ শামসুল হকের কাব্যনাটক ‘ঈর্ষা’ জাতীয় নাট্যাশালায় মঞ্চায়ন হবে সোমবার সন্ধ্যায়। সম্প্রতি ‘জাগো বাহে কোনঠে সবাই’ শীর্ষক নাট্য উৎসবে প্রথমবারের মতো মঞ্চায়ন হয় নাটকটি। নাটকটি প্রাঙ্গণে মোরের প্রযোজনা।
নাট্যদলটির কর্মী সারোয়ার আলম সৈকত গ্লিটজকে বলেন, “আমরা কিছুদিন আগে নাট্যকারকে সম্মান জানাতে একটি নাট্যোৎসবের আয়োজন করেছিলাম। সেখানে নাটকটি প্রথমবার প্রদর্শন করি।”
তিনি আরও বলেন, “নাটকের মূল কথা হচ্ছে, প্রেমিকের হৃদয় যদি পোড়ে তো একমাত্র ঈর্ষার আগুনেই পোড়ে। ঈর্ষায় যে পোড়েনি, প্রেম সে হৃদয়ে ধরেনি, ঈর্ষা এক ঠাণ্ডা নীল আগুন।”
তিনি আরও বলেন, “নাটকটিতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। নাটকটির সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যপ্তিকালের। এ রকম কাঠামোতে নাটক এর আগে বাংলা ভাষায় লেখা হয়নি এই কথাটি সন্দেহাতীতভাবেই বলা যায়।”
তিনি জানান, নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হীরা। মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলোক নির্দেশনায় জিল্লুর রহমান, সংগীত পরিচালনায় রামিজ রাজু ও পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ।
