চুমকীর ‘নায়িকা সংবাদ’
নতুন ধারাবাহিক নাটক ‘নায়িকা সংবাদ’-এর সম্প্রচার শুরু হচ্ছে ২৭ অগাস্ট থেকে। এম.আর. মিজানের গল্পে এর নাট্যরূপ দিয়েছেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকী।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, নাদিয়া, নাজনীন হাসান চুমকী, জয়রাজ, স্বাগতা, সাজ্জাদ রেজা প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন এম.আর মিজান।
চুমকী এ বিষয়ে বলেন, “অভিনয় করছি অনেকদিন হল। এর ফাঁকে ফাঁকে আমার ভালোলাগা থেকে নাটক লেখা। এই ধারাবাহিকটি তারই প্রকাশ।”
নাটকের গল্প সম্পর্কে তিনি জানান, বাংলাদেশের একটি গ্রামের নাম সুন্দরপুর। এই গ্রামের মধ্যবিত্ত ব্যক্তি আবদুল কুদ্দুস মাখন। স্ত্রী, দুই ছেলে রিন্টু, পিন্টু, একমাত্র মেয়ে পুঁটি আর বড় ছেলের বউ আয়না বেগমকে নিয়ে তার সুখের সংসার। বড় ছেলে রিন্টু বাপের ধানী জমি দেখভাল করে। বাকি সময়টা বউয়ের আঁচল ধরে কাটায়। তবে হাতে টাকা থাকলে জুয়া খেলায় মেতে ওঠে। আর পল্টু ভাগ্যের চাকা পাল্টানোর জন্য ঢাকায় পাড়ি জমায়। একা একা বাড়ি থেকে ঢাকায় গেলেও বাড়ি ফেরে বউ নিয়ে। এই বউ সাধারণ কেউ নয়, একেবারে নায়িকা বউ। পল্টু মিয়ার নায়িকা বউ নিয়ে পুরো গ্রামে শুরু হয় মাতামাতি। এ ধরনের একটি গল্প নিয়ে নাটকের কাহিনি এগিয়েছে।
ধারাবাহিক নাটক ‘নায়িকা সংবাদ’ সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে গাজীটিভিতে প্রচারিত হবে।
