২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি সালমান-শাহরুখ

২০১৪ সালে নিজের নিজের সিনেমা নিয়ে বক্সঅফিস-যুদ্ধে মুখোমুখি হবেন দুই বলিউডি খান-- শাহরুখ ও সালমান। আগামী বছর রোজার ঈদে সালমান খান তার পরবর্তী সিনেমা মুক্তি দেবেন এটা বেশ কিছুদিন আগেই জানিয়ে রেখেছিলেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 05:38 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

সম্প্রতি শাহরুখ খানও জানালেন, ঈদ মৌসুমে মুক্তি পাওয়া ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সাফল্যের পর ২০১৪ সালের ঈদেই মুক্তি পাবে তার পরবর্তী সিনেমা।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাটি বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমার স্থানটি দখল করে নিয়েছে অল্প সময়েই।

অন্যদিকে ঈদ মানেই সালমানের সিনেমা। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’ এবং ‘বডিগার্ড’ পরপর তিনটি হিট সিনেমার মধ্য দিয়ে তা প্রমাণ করার পর আবার ২০১৪ সালের ঈদে সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সালমান।

তবে শাহরুখের বর্তমান পরিকল্পনা শুনে ধারণা করা যাচ্ছে আবারও বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন দুই খান।

এ বছর প্রায় একই সময় মুক্তি পায় ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’। কিন্তু শাহরুখের সিনেমার সঙ্গে টক্কর দিতে পারেনি সিনেমাটি। তবে ২০১৪ সালের ঈদে সমানভাবে সফল এবং জনপ্রিয় দুই অভিনেতা মুখোমুখি হতে যাচ্ছেন বক্স অফিসে।