‘১৯৭১ সেইসব দিনগুলো’ প্রেরণা জোগাবে : ইনু
‘১৯৭১ সেইসব দিনগুলো’ নামের ধারাবাহিক নাটক ইতিহাসকে জানতে প্রেরণা জোগাবে বলে এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মুক্তিযুদ্ধ নিয়ে হৃদি হকের চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘১৯৭১ সেইসব দিনগুলো’র সম্প্রচার শুরু হচ্ছে ২৮ অগাস্ট থেকে। এই ধারাবাহিকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ২৫ অগাস্ট সকাল এগারটায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসানুল হক ইনু ।
তথ্যমন্ত্রী ইনু বলেন, “সংস্কৃতির মানুষদের বাদ দিয়ে কোনো কিছু নির্মাণ করা যায় না। আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, প্রেম বিরহে সবসময় আমাদের কবির কাছে আশ্রয় নিতে হয়। অতীতে জাতির আত্মাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। ইতিহাসকে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা সেইসব দিনগুলোকে বাঁচাতে চাচ্ছি, সেইসব দিনগুলোর স্মৃতিচারণের মধ্য দিয়ে।”
তিনি আরও বলেন, “এখন জাতির বিবেককে জাগ্রত করতে হবে। ইতিহাসকে আলোয় নিয়ে আসতে হবে। এই ধারাবাহিক সেই প্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, “গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে এবং আনন্দের সঙ্গে বলছি, মুক্তিযুদ্ধ নিয়ে ধারাবাহিক নাটক করার সাহস দেখিয়েছে আশির দশকে জন্ম নেওয়া একজন; সেই নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিচ্ছে চ্যানেল আই।”
হৃদি হক বলেন, “আমার সুযোগ হয়েছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সরাসরি কথা বলার। তাদের ছোঁয়ার আকাক্সক্ষা থেকেই এমন চিন্তা। চেষ্টা করেছি আমার চিন্তাগুলোকে এবং সেইসব দিনগুলোকে তুলে আনতে।”
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ধারাবাহিকটির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়দার আকবর খান রনো, আতাউর রহমান, খ. ম. হারুন, ড. ইনামুল হক, কায়েস চৌধুরী, মেজর কামরুল হাসান ভূঁইয়া (অব.), লাকী ইনাম এবং রেজানুর রহমান।
৩০ পর্বের ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচারিত হবে ২৮ অগাস্ট থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে।
