২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশাবাদী ফারাহ

বলিউডি পরিচালক এবং কোরিওগ্রাফার ফারাহ খান মনে করছেন শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাটির সাফল্যের প্রভাব তার পরবর্তী চলচ্চিত্র ‘হ্যাপি নিউ ইয়ার’-এর উপরও পড়বে। আর তাই সিনেমাটি নিয়ে আশাবাদী তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 06:19 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ইউটিভির ব্যানারে শাহরুখ প্রযোজিত এবং রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাটি সবচেয়ে কম সময়ে ২০০ কোটি রুপি আয় করেছে। আর সিনেমাটির এই বাঁধভাঙা সাফল্যকে নিজের জন্য সৌভাগ্য বলে বিবেচনা করছেন ফারাহ। তার পরবর্তী সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’ প্রযোজনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করবেন শাহরুখ।

এ বিষয়ে ফারাহ বলেন, “খুব অল্প সময়েই বলিউডের আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে ‘চেন্নাই এক্সপ্রেস’। সিনেমাটির এই সাফল্যে আমি খুবই খুশি। আমার সিনেমাটিও প্রযোজনা করছেন শাহরুখ এবং কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করবেন তিনি। তাই আমার সিনেমাটি নিয়েও আশাবাদী আমি।”

‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় আবারও জুটি বাঁধবেন ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত জুটি শাহরুখ-দীপিকা। আরও থাকছেন অভিষেক বচ্চন। ১ সেপ্টেম্বর দুবাইয়ে সিনেমাটির শুটিং শুরু হবে।