ঢাকায় রেজা দেলপাক
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের পুরাতন সিনেট কক্ষে ‘আই ওয়ান্ট টু হেয়ার হোয়াট ইউ হেয়ার’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন ইরানিয়ান সাউন্ড ডিজাইনার মোহাম্মদ রেজা দেলপাক। সঙ্গে ছিলেন তার সহযোগী এনশি মালেকী। ২২ অগাস্ট বিকাল তিনটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
মোহাম্মদ রেজা দেলপাক তাঁর আলোচনায় সিনেমায় শব্দ ব্যবহার সম্পর্কে বিশদ আলোচনা করেন। তিনি সিনেমায় শব্দগ্রহণ, সিনেমার জন্য পৃথক সাউন্ড-স্ক্রিপ্ট তৈরি, শব্দগ্রহণে নানা আনুষঙ্গিক শব্দের ব্যবহারের মাধ্যমে সিকোয়েন্সের আবহ শব্দে নিয়ে আসা, অনস্ক্রিন-অফস্ক্রিন শব্দ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
সিনেমা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘সিনেমা মানেই ডাহা মিথ্যা’। আবার শব্দ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘শব্দ একটি মনোবৈজ্ঞানিক অনুভূতি ।
রেজা দেলপাকের আলোচনা শেষে, সেমিনারের সমাপনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি বিশ্বাস রিয়াজুল হক। এতে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাবীল আল জাহান। আরও ছিলেন ‘সীমান্তে চড়ুইভাতি’ চলচ্চিত্রের পরিচালক শিরীন পাশা।
ফার্সিভাষী মোহাম্মদ রেজা দেলপাকের আলোচনা শেষে, সেমিনারের সমাপনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি বিশ্বাস রিয়াজুল হক।
মোহাম্মদ রেজা দেলপাক ‘কালার অফ প্যারাডাইস’ (মাজিদ মাজিদি), ‘বার্থ অফ বাটারফ্লাই’, ‘আন্ডার দ্য সিটি’স সান’, ‘বারান’ (মাজিদ মাজিদি), ‘হোয়াইট নাইটস’, ‘ট্র্যাডিশন অফ লাভার কিলিং’, ‘মেইনলাইন’, ‘জামান মিস্তাদ’, ‘গাদেহ-এ বাজি’, ‘খাক-এ আসেনা’, ‘দ্য সং অফ স্প্যারোস’, ‘অ্যাবাউট এলি’, ‘বিয়ার’ প্রভৃতি চলচ্চিত্রে কাজ করার জন্য একাধিকবার ইরানের জাতীয় পুরস্কার পেয়েছেন।
তিনি অস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রে সাউন্ডের কাজ করেছেন। তিনি কাজ করেছেন এমন চলচ্চিত্রের মধ্যে ‘এ সেপারেশন’ (আসগর ফরহাদি) অস্কার পুরস্কার পায়। ‘চিলড্রেন অফ হেভেন’ (মাজিদ মাজিদি) অস্কারের জন্য মনোনীত হয়েছিল। অন্যদিকে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত দুটি চলচ্চিত্রেও তিনি কাজ করেছেন। চলচ্চিত্র দুটি হল ‘টেস্ট অফ চেরি’ (আব্বাস কিয়ারোস্তামি) এবং ‘সির্তা লা গাল বা’ (শাহরাম আলিদি)। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রর মধ্যে আছে- ‘দ্য মিরর’ (জাফর পানাহি), ‘দ্য উইন্ড উইল ক্যারি আস’ (আব্বাস কিয়ারোস্তামি), ‘দ্য উইলো ট্রি’ (মাজিদ মাজিদি), ‘শিরিন’ (আব্বাস কিয়ারোস্তামি) প্রভৃতি।
