২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবার্টের চমক

লস এঞ্জেলেসের একটি শিশু হাসপাতালে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে হাজির হন হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসন। গত সপ্তাহে অসুস্থ শিশুদের সঙ্গে সেখানে সারাদিন সময় কাটান তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 05:57 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

ব্যাং শোবিজ জানিয়েছে, ২৭ বছর বয়সী এই অভিনেতা সেদিন সময় কাটিয়েছেন অসুস্থ শিশুদের আনন্দ দিয়ে। তার সঙ্গে ছিল সিসটিক ফাইব্রোসিসে আক্রান্ত ‘টোয়াইলাইট সাগা’র দুই শিশুভক্ত।

পিপল ম্যাগাজিনকে হাসপাতালের সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, রবার্টকে দেখে একটি শিশু এত অবাক হয়েছিল যে, সে কথা বলতে পারছিল না, এটা দেখে আমরা হাসি থামাতে পারছিলাম না। তাকে দেখেই বোঝা গিয়েছিল, সে রবার্টের কত বড় ভক্ত। সে একই সঙ্গে আনন্দে কাঁদছিল এবং হাসছিল। বাকি শিশুদের কেউ কেউ রবার্টের সঙ্গে দুষ্টুমি করছিল, কেউ আবার তাকে আমেরিকান ভঙ্গিতে কথা বলতে বলছিল। তারা খুব সহজেই বন্ধু বনে গিয়েছিল।

রবার্ট হাসপাতালের টিন লাউঞ্জে সময় কাটিয়েছেন, যেখানে তিনি শিশুদের সঙ্গে ছবির ফ্রেম বানিয়েছেন।

হাসপাতালটির শিশু বিশেষজ্ঞ অ্যানা ভেগা বলেন, “প্রথমে রবার্ট খুবই নার্ভাস ছিলেন। কারণ তিনি চাননি তার শিশুভক্তদের নিরাশ করতে। এর মাধ্যমে বোঝা যায় তিনি কতখানি অমায়িক একজন মানুষ।”

সম্প্রতি রবার্ট জানিয়েছেন, ‘টোয়াইলাইট’ সিরিজে অভিনয় তার জীবনকে রাতারাতি পাল্টে দিয়েছে। তিনি বলেন, “আমি আগে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতাম। সিনেমাটির প্রিমিয়ার যখন হয় তখন আমি জানতামও না এর সিকুয়েল তৈরি হবে। এরপর এক সপ্তাহ যেতে না যেতেই সবার মনে হল এর সিকুয়েল তৈরি করা উচিত।”