মারাঠি সিনেমায় রোহিত-শাহরুখ
রোহিত শেঠি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-এ তামিল ভাষার প্রাধান্য বেশ ভালোভাবেই গ্রহণ করেছে দর্শকরা। তাই এবার মারাঠি ভাষায় সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন ওই জুটি।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এরই মধ্যে একটি মারাঠি গল্প নিয়ে শাহরুখের সঙ্গে আলাপ করেছেন রোহিত। শাহরুখ এ বিষয়ে বলেন, “রোহিতের কাছে একটি গল্প আছে, আর তিনি বলছিলেন আমরা একটি মারাঠি সিনেমা নির্মাণ করতে পারি। আমিও শিগগির একটি সিনেমা প্রযোজনা করার কথা চিন্তা করছি।”
তবে সিনেমাটিতে তিনি নিজে অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, “আমি হয়তো সিনেমাটিতে অভিনয় করব না। কারণ আমি মারাঠি ভাষা জানি না। তবে অতিথি শিল্পী হিসেবে হয়তো আমাকে দেখা যাবে।”
শাহরুখ মনে করেন বলিউডি সিনেমার তুলনায় কম খরচে ভালো মারাঠি সিনেমা নির্মাণ সম্ভব। এর ফলে সিনেমার প্রচারণাও করতে পারবেন তারা আরও ভালোভাবে। তবে তিনি জানান, মারাঠি সিনেমা সম্পর্কে তিনি অত ভালোভাবে কিছু জানেন না। তবে তিনি প্রদেশভিত্তিক সিনেমা নিয়ে কাজ করতে চান।
