ম্যাট, না মার্ক?
হলিউডি অভিনেতা ম্যাট ডেমন জানিয়েছেন, চেহারায় মিল থাকার কারণে অনেকেই নাকি তাকে অভিনেতা মার্ক ওয়েলবার্গ ভেবে ভুল করেন।
ডিজিটাল স্পাই সম্প্রতি জানিয়েছে, এ বিষয়ে মার্কের সঙ্গে কথা বলার পর ম্যাট জানতে পেরেছেন, একই সমস্যায় পড়তে হয় মার্ককেও।
ম্যাট বলেন, “আমি মার্কের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি কারণ তিনি প্রায়ই এমন কিছু ভক্তের পাল্লায় পড়েন যারা তাকে বলে ‘বর্ন আইডেন্টিটি’ সিনেমাতে আপনার অভিনয় আমার খুবই ভালো লেগেছে! মজার ব্যাপার হল, আমি নিজেও এমন অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেখানে আমাকে মার্ক ভাবা হয়েছে! তাই মার্ক এবং আমি একটি চুক্তি করেছি। যদি কখনও এ রকম ভুল বোঝাবুঝির শিকার হই, আমরা যতটা সম্ভব ভদ্রতা বজায় রাখব।”
৪২ বছর বয়সী ম্যাট আরও জানান, নতুন সিনেমা ‘এলিসিয়াম’-এর জন্য তিনি এত কঠিন একটি ডায়েট অনুসরণ করেছেন, যা তাকে বদমেজাজি বানিয়ে দিয়েছে!
ম্যাট বলেন, “সিনেমাটির শুটিং করার সময় আমি সবসময় খিটখিটে মেজাজে থাকতাম। কারণ, সিনেমাটির জন্য আমাকে কঠিন ডায়েট অনুসরণ করতে হয়েছিল। তখন মনে হত আমি চুপচাপ থাকি আর নিজের মতো থাকি সেটাই ভালো হবে।‘
