‘জবস্’ পছন্দ হয়নি ওজনিয়াকের
জশুয়া মাইকেল স্টার্ন পরিচালিত অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের বায়োপিক ‘জবস’-এর কেন্দ্রীয় চরিত্রে রূপদান করে ব্যাপক প্রশংসা পেয়েছেন হলিউডি অভিনেতা অ্যাশটন কুচার। কিন্তু তার অভিনয়ের সমালোচনা করেছেন স্টিভ ওজনিয়াক, যিনি প্রয়াত জবসের দীর্ঘদিনের সহকর্মী ও অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা ।
সিনেমাটি দেখার পর সম্প্রতি ‘গিজমোডো ডটকম’-এ ওজনিয়াক লেখেন, “আমার মনে হয়েছে, সিনেমাটির হতাশাজনক দিকগুলোর একটি ছিল অ্যাশটনের অভিনয়; সিনেমায় জবসের চরিত্রের চেয়ে নিজেকে বেশি জাহির করতে ব্যস্ত ছিলেন তিনি! অ্যাশটন কয়েকদিন আগে আমাকে নিয়ে কিছু ভুল কথা বলেছিলেন; (যেমন, আমি সিনেমাটি পছন্দ করব না... ইত্যাদি, ইত্যাদি...) সম্ভবত এই কথা বলে তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। অ্যাশটন যে কেবল একজন অভিনেতা এবং নিজেকে জাহির করাটাই তিনি সবসময় বড় মনে করেন-- এসব থেকে তা বোঝা যায় সহজেই।”
ওজনিয়াক আরও বলেন সিনেমাটি আর কাউকে দেখার জন্য পরামর্শ দেবেন না তিনি।
তিনি বলেন,“সিনেমাটি দেখার সময় আমি যথেষ্ট মনোযোগী ছিলাম এবং বেশকিছু জায়গায় বেশ আনন্দও পেয়েছি; কিন্তু এটি কাউকে দেখতে বলার মতো সিনেমা নয়। আমার এক বন্ধু যিনি এই সিনেমাতে কাজ করেছেন, তিনি আমাকে বলেছেন কাল্পনিক ঘটনা দেখতে চান না বলে সিনেমাটি দেখতে আগ্রহী নন তিনি। আমার খারাপ লেগেছে তাদের কথা ভেবে, যাদের ওই সিনেমায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”
