লজ্জিত মার্ক
হলিউডি অভিনেতা মার্ক ওয়েলবার্গ জানান, ফ্যাশন ব্র্যান্ড কেলভিন ক্লেইনের জন্য অন্তর্বাসের বিজ্ঞাপনে মডেল হওয়ার পর এখন লজ্জিত বোধ করছেন তিনি। কারণ তিনি চান না তার সন্তানরা বড় হয়ে বাবাকে এইভাবে দেখুক।
ক্যারিয়ারের শুরুতে কেলভিন ক্লেইনের জন্য অন্তর্বাসের বিজ্ঞাপনে মডেলিং করার পর এখন চিন্তায় পড়েছেন তিন সন্তানের জনক মার্ক। তিনি ভাবছেন, যদি তার সন্তানরা কখনও তাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তখন বেশ লজ্জায় পড়ে যাবেন।
ইভেন্ট ম্যাগাজিনকে মার্ক সম্প্রতি বলেন, “কেলভিন ক্লেইনের জন্য আমি কেট মসের সঙ্গে যে বিজ্ঞাপনে মডেলিং করেছিলাম সেটা আমার কোনো ভালো স্মৃতি নয়। কিন্তু ঐ সময়ে বিজ্ঞাপনটির কারণে আমি নারীদের কাছে অনেক আকর্ষণীয় ব্যক্তি হয়ে গিয়েছিলাম।”
মার্ক আরও বলেন, “আমার সন্তানরা যখন বড় হয়ে আমাকে এসব ব্যাপারে জিজ্ঞেস করবে, তখন আমার র্যাপ ক্যারিয়ারের মতো এই বিজ্ঞাপনটিও আমাকে লজ্জায় ফেলবে।”
নিজের বেশ কয়েকটি সিনেমা, যেগুলো আশানুরূপ সাফল্য পায়নি সেগুলোর জন্যও মাঝে মাঝে হতাশা বোধ করেন মার্ক।
স্ত্রী রিয়া ডারহামের সঙ্গে মার্কের রয়েছে চার সন্তান। বড় মেয়ে এলার বয়স নয় বছর, এরপর রয়েছে সাত বছরের মাইকেল, চার বছরের ব্র্যান্ডন এবং তিন বছরের গ্রেইস।
