১০ লাখ ডলারের গুজব
উলভারিন সিনেমার জন্য ১০ লাখ ডলারের প্রস্তাবের খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা হিউ জ্যাকম্যান।
কয়েকদিন আগে হলিউডজুড়ে চাউর হয়েছিল যে উলভারিন সিনেমাটির পরবর্তী চারটি সিকুয়ালে অভিনয় করার জন্য ১০ লাখ ডলারের বিশাল প্রস্তাব দেওয়া হয়েছে হিউকে। কিন্তু কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী পুরো ব্যাপারটি একটি গুজব ছাড়া আর কিছুই নয়, এটি নিশ্চিত করেছেন হিউ নিজেই।
তবে অস্ট্রেলিয়ান এই অভিনেতা জানিয়েছেন, তিনি আর কখনও উলভারিনের নতুন কোনো পর্বে অভিনয় করবেন না যদি এর চিত্রনাট্য এবং গল্প ভালো না হয়।
এন্টারটেইনমেন্ট উইকলিকে হিউ বলেন, “না এই খবর সত্যি নয়। আমি কখনও অর্থের জন্য এই সিনেমায় কাজ করব না। প্রত্যেকবার আমি যখনই এই সিনেমায় কাজ করেছি আমার কাছে কোনো কারণ ছিল আর এখন আমার কাছে এই সিনেমায় কাজ করার জন্য কোনো মুখ্য কারণ নেই।”
হিউ জ্যাকম্যান ইতিমধ্যে মোট ছয়টি সিনেমায় উলভারিনের চরিত্রে অভিনয় করেছেন। আগামী বছর তাকে আরও একবার উলভারিন হিসেবে দেখা যাবে ‘এক্স মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’ সিনেমাতে।
