শাহরুখ-অক্ষয় দ্বন্দ্ব
বলিউডি অভিনেতা শাহরুখ খানের সঙ্গে অক্ষয় কুমারের দ্বন্দ্বের বিষয়টি টিনসেলে নতুনভাবে দেখা দিয়েছে। একটি রিয়ালিটি শোতে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার গান শুনে অক্ষয় ‘বিরক্তি প্রকাশ’ করলে দ্বন্দ্বটি সামনে চলে আসে।
টাইমস অফ ইন্ডিয়া জানায়, রিয়ালিটি শোতে অক্ষয় তার সদ্যমুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’র প্রচারণায় উপস্থিত হয়েছিলেন। ডান্স রিয়ালিটি শোটির চূড়ান্ত পর্বে শাহরুখ অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার একটি গানের সঙ্গে উপস্থাপনা করেন প্রতিযোগীরা। আর এতে দারুণ বিরক্ত হন অক্ষয়।
টিনসেলে ওই দুই সেলিব্রিটির দ্বন্দ্ব পুরনো বিষয়। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের দুজনের দুটি বড় বাজেটের সিনেমা। ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ সিনেমাটি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর এক সপ্তাহ পর মুক্তি পায়। মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে দর্শকদের আকৃষ্ট করছে ‘চেন্নাই এক্সপ্রেস’। আর সেই হারে সিনেমাটিকে টক্কর দিতে পারেনি অক্ষয়ের সিনেমা। এ কারণে শাহরুখের সঙ্গে অক্ষয়ের পুরনো দ্বন্দ্ব নতুনভাবে জেগে উঠেছে।
