আব্রামে মুগ্ধ কাজল
বলিউডি অভিনেতা শাহরুখ খানের নবজাত শিশু আব্রামের সঙ্গে দেখা করলেন তার এক কালের সহ-অভিনেত্রী এবং বন্ধু কাজল। কাজলের মতে আব্রাম খুবই সুন্দর।
কাজল বলেন, “আমি ব্যক্তিগতভাবে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছি। তার ছেলে আব্রাম খুবই সুন্দর। তার জন্য রইল আমার ভালোবাসা এবং অনেক অনেক আদর।”খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-খ্যাত ওই অভিনেত্রী বেশ কিছুদিন ধরেই দূরে রয়েছেন চলচ্চিত্রজগৎ থেকে। তবে ভালো কাজ পেলে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কাজল বলেন, “আমি এখন আমার জীবন নিয়ে খুবই খুশি। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। তবে আবার যদি আমি সিনেমায় অভিনয় করি তাহলে তার জন্য অবশ্যই একটি জোরালো কারণ লাগবে। কারণ আমি আমার বাচ্চাদের একা রাখতে চাই না। ভালো চিত্রনাট্য পেলে তবেই অভিনয় করব আমি।”
চলতি বছরের মাঝামাঝিতে সারোগাসির মাধ্যমে তৃতীয়বারের মতো সন্তানের মুখ দেখেন শাহরুখ। জন্মের আগেই শিশুটির লিঙ্গ নির্ধারণের বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। তৃতীয় সন্তানের জন্মের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের কাছে গোপনীয়তা অবলম্বন করা নিয়েও তোপের মুখে পড়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে কিছুদিন পুলিশি তদন্তের মধ্য দিয়েও যেতে হয়েছে শাহরুখকে।
জন্মের দুইমাস পর্যন্ত হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে থাকা শিশুপুত্র আব্রামকে অবশেষে ঈদের আগে বাড়িতে নিয়ে আসেন শাহরুখ। মুম্বাইয়ে নিজ বাসভবন ‘মান্নাত’-এ ঈদের দিনের পার্টিতে সবার সামনে শিশুকে নিয়ে আসেন তিনি।
