২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোলিপুত্রের ৬ হাজার ডলারের গিটার

সদ্য ১২ বছরে পা দেওয়া পুত্র ম্যাডক্সকে ছয় হাজার ডলারে গিটার কিনে দিলেন অভিনয়-শিল্পীজুটি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 06:29 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

শোবিজস্পাই জানিয়েছে, সাদা কালো রংয়ের ফেন্ডার স্ট্রাটোকাস্টার মডেলের ওই গিটার ম্যাডক্সের জন্য আগে থেকে পছন্দ করে রেখেছিলেন জোলি এবং পিট। কারণ, ভবিষ্যতে গিটারিস্ট হতে চাওয়া ম্যাডক্সের পছন্দের শীর্ষে বহুদিন ধরেই ছিল ইলেক্ট্রিক ওই গিটারটি।

এ ব্যাপারে সূত্র জানায়, ম্যাডক্স বড় হয়ে গিটারিস্ট হতে চায়। এর জন্য কয়েকমাস ধরেই সে প্রশিক্ষণ নিচ্ছে। আর তাই ব্র্যাড আর অ্যাঞ্জেলিনারও মনে হয়েছে, জন্মদিনে একটি নতুন গিটারই হবে ওর জন্য শ্রেষ্ঠ উপহার।

এখন হলিউডের প্রতিষ্ঠিত অভিনেতাদের একজন হলেও ছোটবেলায় ব্র্যাডের স্বপ্ন ছিল রক মিউজিশিয়ান হওয়ার। আর তাই ম্যাডক্সের এই সিদ্ধান্তে দারুণ খুশি তিনি। ব্র্যাডের মতে, ম্যাডক্সের মাধ্যমে নিজের অপূর্ণ স্বপ্নেরই বাস্তবায়ন ঘটাবেন তিনি।

২০১২ সালের শেষে বাগদান সম্পন্ন করা জোলি-পিট জুটির সংসারে রয়েছে ছয় সন্তান। এদের মধ্যে প্রথম তিনজন তাদের দত্তক সন্তান, যাদের মধ্যে ম্যাডক্স সবার বড়।