সৌরভের নাচ
টিভি অনুষ্ঠান উপস্থাপনার পর এবার স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে নাচবেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ভারতের তারকাজুটিদের নিয়ে নির্মিত টিভি অনুষ্ঠান ‘নাচ বালিয়ে’তে স্ত্রী ডোনা গাঙ্গুলীর সঙ্গে অংশ নেবেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়া এক সূত্রের বরাতে জানিয়েছে, সম্প্রতি নাচ বালিয়ে অনুষ্ঠানটির ষষ্ঠ সেশনে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট টিমের এই সাবেক অধিনায়ক এবং তার স্ত্রীকে। তবে প্রস্তাবটি তারা গ্রহণ করেছেন কি না, তা এখনও জানা যায়নি।
সৌরভের স্ত্রী ডোনা একজন নৃত্যশিল্পী। সৌরভ এর আগেও টিভিতে কাজ করেছেন। কলকাতার চ্যানেল জি বাংলায় ‘দাদাগিরি আনলিমিটেড’ অনুষ্ঠান উপস্থাপনার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে প্রায়শই বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন সৌরভ।
