রুবাইয়াতের ‘আন্ডার কনস্ট্রাকশন’
মেহেরজানের পরিচালক রুবাইয়াত হোসেন ‘আন্ডার কনস্ট্রাকশন’ শিরোনামে একটি চলচ্চিত্রের নির্মাণ শুরু করেছেন। এতে তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেতা শাহাদত হোসেন এবং ভারতের রাহুল বোস ও শাহানা গোস্বামী।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহাদত। তিনি গ্লিটজকে বলেন, “কাউকে কোনো কিছু না জানিয়েই পরিচালক শুটিং শুরু করেছেন। তিন প্রধান চরিত্রে আমার সঙ্গে আরও অভিনয় করছেন ভারতীয় শিল্পী রাহুল বোস ও শাহানা গোস্বামী।”
তিনি আরও বলেন, “শাহানা ঈদের আগেই ঢাকা এসেছেন, আমার সঙ্গে শুটিং করছেন তিনি। রাহুলদার শুটিং রয়েছে ২৯ অগাস্ট থেকে। তিনি ২৫ অগাস্ট ঢাকায় আসতে পারেন।”
সিনেমাটির কাহিনি সম্পর্কে তিনি জানিয়েছেন, মূলত, নাগরিক টানাপোড়েনে ভোগা ও একসূত্রে গাঁথা কয়েকজন মানুষের গল্প তুলে আনা হয়েছে চলচ্চিত্রটিতে।
রুবাইয়াত হোসেন, এর আগে তৈরি করেছেন ‘মেহেরজান’ নামে একটি চলচ্চিত্র। যেটি মুক্তি পায় ২০১১ সালে ২১ জানুয়ারি। সিনেমাটিতে মুক্তিযুদ্ধের সময় একজন পাকিস্তানি সৈনিকের সঙ্গে বাংলাদেশের এক নারীর প্রেম দেখানো হয়েছিল। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে চলচ্চিত্রটি।
সিনেমাটি হলে সপ্তাহ দুয়েক প্রদর্শনের পর এর পরিবেশক প্রতিষ্ঠান আর্শিবাদ চলচ্চিত্র এর প্রদর্শন বন্ধ করে দেয়।
