২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জুটি নিপুণ-আগুন

শাহ আলম কিরণের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘একাত্তরের মা জননী’র মহরত অনুষ্ঠানে চমক হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আগুন। তিনি এই সিনেমায় নিপুণের সঙ্গে জুটি বাঁধছেন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 05:03 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘ঘেঁটুপুত্র কমলা’য় পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম এই কণ্ঠশিল্পী কোনো সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, মম মোর্শেদ, শাকিল আহমেদ, মুর্শিদ আলম, সোমা ফেরদৌস, সরোয়ার আলম, জুয়েল, সাজু মেহেদী, অয়ন উম্মে তামিম প্রমুখ।

এর চিত্রগ্রহণ করবেন মাহফুজুর রহমান খান, শিল্প নির্দেশনা দিচ্ছেন উত্তম গুহ, পোষাক ও রূপসজ্জায় সেলিম মোহাম্মদ, সম্পাদনায় মুজিবুর রহমান দুলু, প্রধান সহকারি পরিচালক খাজা আহমেদ।

রাইরা বাংলাদেশ প্রযোজিত সিনেমাটির গল্প নেওয়া হয়েছে আনিসুল হকের উপন্যাস ‘সাহসিনী জননী ১৯৭১’ থেকে। ২০১৩ সালে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন মির্জা আব্দুল খালেক।

১৬ অগাস্ট শুক্রবার বিএফডিসির তিন নম্বর ফ্লোরে অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানে সিনেমাটির শুটিং শুরুর ঘোষণা দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

এতে উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযুষ বন্দ্যোপাধ্যায়, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুণ অর রশিদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকন, আবু মুসা দেবু এবং এই সিনেমার পরিকল্পনাকারী আলমগীর প্রমুখ।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় বিষয়ে আগুন বলেন, “আমার জন্ম ১৯৭১ সালে। আমি একাত্তরের প্রজন্ম। এই সিনেমার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের একটি রূপ আমি দেখতে পাব বলে প্রত্যাশা করছি।”

নিপুণ বলেন, “আমার প্রথম চলচ্চিত্র ‘সাজঘর’। সেই সিনেমা থেকে এখন পর্যন্ত যে কয়টি সিনেমায় কাজ করেছি সেগুলোর কোনোটিতেই আমার স্ক্রিন টেস্ট দিতে হয়নি। অথচ এই সিনেমার জন্য আমাকে স্ক্রিন টেস্ট দিতে হয়েছে। আমি সেখানে পাস করাতে এই সিনেমায় কাজ করতে পারছি।”

নির্মাতা কিরণ বলেন, “এখানে আমরা আর্মি ক্যাম্প তৈরি করেছি। এখানে আর্মি ক্যাম্পের দৃশ্যগুলো ধারণ করা হবে। শুক্রবার বিকেল থেকে আমরা শুটিং শুরু করব। প্রথম পর্যায়ে এখানে টানা দুই সপ্তাহ শুটিং হবে।”