ঘনিষ্ঠ দৃশ্যকে মার্কের না
অভিনেতা মার্ক ওয়েলবার্গ জানিয়েছেন, সিনেমাতে তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার বিষয়টি পছন্দ করেন না স্ত্রী রিয়া ডারহাম। আর তাই এ ধরনের দৃশ্যে অভিনয় না করার চেষ্টা করেন তিনি।
নতুন হলিউডি সিনেমা ‘টু গানস’-এ নিজের অভিনীত চরিত্র সম্পর্কে বলতে গিয়ে মার্ক জানান সিনেমাটিতে তার চেয়ে বেশি অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন সহশিল্পী ড্যানজেল ওয়াশিংটন। মার্ক বলেন, “ড্যানজেলের এই একটি বিষয় আমি খুবই পছন্দ করি। তিনি সবসময় নারীদের সঙ্গ পেতে চেষ্টা করেন কিন্তু সমালোচিত হন না। আমার স্ত্রী আমাকে অবশ্য এভাবেই পছন্দ করেন। আমি সবসময় চেষ্টা করি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা থেকে বিরত থাকতে, কারণ এর ফলাফল খুব একটা ভালো হয় না।”
তবে মার্কের পাশাপাশি ড্যানজেলও এই সিনেমায় নিজের সুঠাম দেহ প্রদর্শনের সুযোগ পেয়েছেন। চরিত্রের প্রয়োজনে প্রায়শই বিশেষ শরীরচর্চা করে থাকেন মার্ক।
আবার নতুন অ্যাকশন ফিল্ম ‘পেইন অ্যান্ড গেইন’-এর বিষয়ে মার্ক বলেন, “সিনেমাটিতে আমি একজন বডিবিল্ডারের ভূমিকায় অভিনয় করেছি। তাই যেখানে আমি ‘ব্রোকেন সিটি’ সিনেমার জন্য শরীরের ওজন ৭৫ কেজিতে কমিয়ে এনেছিলাম, সেখানে এই সিনেমার জন্য আমি ওজন বাড়িয়ে ৯৬ কেজি হয়েছি।”
মার্ক আরও বলেন, “আমি চেষ্টা করি স্বাভাবিক লুকে অভিনয় করতে, কিন্তু চরিত্রের প্রয়োজনে যা যা দরকার আমি সবই করে থাকি।”
