সেলিম আল দীনের জন্মদিনে
সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে প্রয়াত নাট্যগবেষক ও নাট্যকার সেলিম আল দীনের ৬৪তম জন্মদিন উপলক্ষে দুদিনের উৎসব আয়োজন করেছে। এই আয়োজনে সহযোগিতা করছে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার।
এ বিষয়ে উৎসবের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ বলেন, “৩ ভাদ্র ১৪২০ (১৮ আগস্ট ২০১৩) তারিখে উদযাপিত হবে তাঁর ৬৪তম জন্মদিন। এই মাহেন্দ্রক্ষণকে উপলক্ষ করে সেলিম আল দীন ফাউন্ডেশন ২ ও ৩ ভাদ্র ১৪২০ (১৭ ও ১৮ আগস্ট ২০১৩) দুদিনব্যাপী সপ্তম সেলিম আল দীন উৎসবের আয়োজন করেছে। এই আয়োজনে যুক্ত রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সেমিনার, শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে আমরা এই কীর্তিমানকে ঘিরে আবর্তিত উৎসব ভরিয়ে তুলব আনন্দ আর উচ্ছ্বাসে।”
এদিকে আয়োজন সম্পর্কে সদস্যসচিব বাবুল বিশ্বাস জানিয়েছেন, জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘নিমজ্জন: একটি থিয়েটার-ইন্সটেলেশন আর্ট’, বাংলা নাটকে ঢাকা থিয়েটারের আভাঁ-গাড আন্দোলনের পরীক্ষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে ১৭ অগাস্ট বিকাল তিনটায়। এতে প্রবন্ধ পাঠ করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মাসউদ ইমরান মান্নু। সভাপতিত্ব করবেন শিল্পসমালোচক ও যুদ্ধাপরাধবিষয়ক গবেষক মফিদুল হক। ওইদিন সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে সেলিম আল দীন রচিত কথানাট্য ‘চাকা’র উদ্বোধনী মঞ্চায়ন। এর নিদের্শনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। জাতীয় নাট্যশালার মূলমঞ্চে নাটকটি পরিবেশন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ।
পরদিন ১৮ অগাস্ট রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে সকাল ১০টায়। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূলমঞ্চে ঢাকা থিয়েটার পরিবেশন করবে সেলিম আল দীন রচিত নাটক ‘ধাবমান’। এটি নির্দেশনা দিয়েছেন শিমুল ইউসুফ।
এর মধ্যে সেমিনার সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে দুটি নাটকই দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে।
