বঙ্গবন্ধু স্মরণে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৮তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন চ্যানেল নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। চ্যানেলগুলো বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডি ৩২ নাম্বারের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং তাঁর সমাধিস্থল টুঙ্গিপাড়া থেকে শোক দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পাশাপাশি আলোচনা অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে।
এ বিষয়ে বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, চ্যানেলটি বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘তাঁর কথা বলতে এসেছি’ সম্প্রচার করবে। এতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী তোফায়েল আহমেদ স্মৃতিচারণ এবং তার রাজনৈতিক ও মানবিক দিকগুলো তুলে ধরেছেন। আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফার উপস্থাপনা এবং রফিকুল ইসলাম ফারুকীর প্রযোজনায় ‘তাঁর কথা বলতে এসেছি’ প্রচারিত হবে ১৫ অগাস্ট বিকেল ৫টা ২০মিনিটে।
গাজীটিভির আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘তার কথা বলতে এসেছি’। সাংবাদিক শ্যামল দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন মোস্তফা নুরুল ইসলাম, শামসুজ্জামান খান, সুলতানা কামাল ও মফিদুল হক। লিটন হাফিজের প্রযোজনায় অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৮টা ৫৫ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে সোহেল রানার প্রযোজনায় ও কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় কবিতার পাঠ ও চিত্রায়ন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘তার বজ্রকণ্ঠবাণী’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রবিশঙ্কর মৈত্রী, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কাকলী প্রমুখ।
চ্যানেল নাইন প্রচার করবে, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে ডকুমেন্টারি। প্রচারিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। দুপুর ২টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’। ‘অসমাপ্ত মহাকাব্য’ শিরোনামের তথ্যচিত্র প্রচারিত হবে বিকাল ৫টায়। ‘ঘুমের ঘোরে ঘুমিয়ে ছিল পাড়া’ শিরোনামের টকশো প্রচারিত হবে ছয়টায়। এতে অংশ নেবেন তোফায়েল আহমেদ। এটি পরিচালনা করেছেন মাহফুজুর রহমান।
বেসরকারি চ্যানেলগুলো বিটিভির সৌজন্যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং তার সমাধিস্থল টুঙ্গিপাড়া থেকে রাষ্ট্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।
