কে হবেন ব্যাটম্যান?
‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়ালে সুপারম্যানের মুখোমুখি হওয়ার জন্য কে হবেন এবারের ব্যাটম্যান, এ নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই এখন হলিউডে।
জেফরি মরগ্যান, অরল্যান্ডো ব্লুম, স্কট অ্যাডকিনসের পর এবার ক্রিস্টিয়ান বেলের নামও শোনা যাচ্ছে ব্যাটম্যান হিসেবে। তবে কে হবেন এবারের ব্যাটম্যান?
ডেইলি স্টার জানিয়েছে, ‘ডার্ক নাইট’ সিনেমার পর ব্যাটম্যান চরিত্রটিকে পাকাপাকিভাবে বিদায় জানানোর পরিকল্পনা করেছিলেন ক্রিস্টিয়ান বেল।
কিন্তু সম্প্রতি জানা গেছে, আবারও ব্যাটম্যান হিসেবে বড়পর্দায় ফিরে আসার জন্য চাপ দেওয়া হচ্ছে বেলকে। সুপারম্যান হেনরি কেভিলের বিপরীতে ব্যাটম্যান চরিত্রতে অভিনয়ের জন্য তাকে চার লাখ পাউন্ডের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে প্রস্তাবটি তিনি গ্রহণ করবেন কি না তা এখনও জানা যায়নি।
এদিকে ওয়েবসাইট মেট্রো জানিয়েছে, পরিচালক জ্যাক স্নাইডারের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন জেফরি মরগ্যান। আর তিনিই হবেন এবারের ব্যাটম্যান।
আবার ‘ম্যান অফ স্টিল’ সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ারনার ব্রাদার্সের ঘনিষ্ঠ এক সূত্রমতে, সিনেমাটির জন্য কলাকুশলী নির্ধারণ করার অনেক আগেই ব্যাটম্যানের চরিত্রের জন্য বিবেচনা করা হয়েছিল অভিনেতা অরল্যান্ডো ব্লুমকে।
ব্লুমের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ব্যাটম্যানের চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট আগ্রহী তিনি। তার মতে সুপারহিরোদের চরিত্রে দুইজন ব্রিটিশ অভিনেতাকে দেখতে ভালোই লাগবে আমেরিকান দর্শকদের।
অন্যদিকে ‘জিরো ডার্ক থার্টি’ খ্যাত অভিনেতা স্কট অ্যাডকিন্স স¤প্রতি টুইটারে জানিয়েছেন ব্যাটম্যানের চরিত্রের জন্য অডিশন দিয়েছেন তিনি।
২০১৫ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘ম্যান অফ স্টিল’ এর এই সিকুয়ালে ব্যাটম্যানের চরিত্রের জন্য আলোচনায় এসেছেন আরও অনেকে। এদের মধ্যে রয়েছেন, রায়ান গসলিং, জশ ব্রলিন, রিচার্ড আর্মিটেজ, ম্যাথিও গুডিসহ বেশ কয়েকজন অভিনেতা।
