২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোলিকে এড়ালেন অ্যানিস্টন

সাবেক স্বামী ব্র্যাড পিটের বাগদত্ত অ্যাঞ্জেলিনা জোলিকে এড়ানোর জন্য নিজের ফ্লাইটের সময় পরিবর্তন করলেন হলিউডি অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। লস এঞ্জেলেস থেকে লন্ডনে যাওয়ার সময় একই ফ্লাইটে দুজনের দেখা হওয়ার আশংকায় নিজের ফ্লাইটের সময় পরিবর্তন করেছেন জেনিফার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 04:05 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

রোববার ১১ অগাস্ট রাতে লস এঞ্জেলেস থেকে লন্ডনে যাওয়ার কথা ছিল জেনিফারের। পরবর্তীতে তিনি জানতে পারেন ব্রিটিশ এয়ারওয়েজের একই ফ্লাইটের ফার্স্ট ক্লাসে লন্ডন যাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। আর তখন নিজের ফ্লাইটের সময় পরিবর্তন করেন তিনি।

ই! নিউজ এক সূত্রের বরাতে জানিয়েছে, এ ব্যাপারে প্রথমে কিছুই জানা ছিল না জেনিফারের, এক পর্যায়ে বিমানবন্দরের এক কর্মী জেনিফারের সহকারীকে জানান, জোলি হবেন তার যাত্রাসঙ্গী। এরপর ১১ ঘণ্টার এই বিব্রতকর যাত্রায় আর পা বাড়াননি জেনিফার।

জেনিফার তার নতুন সিনেমা ‘উই আর দ্য মিলারস’-এর লন্ডন প্রিমিয়ারে অংশ নিতে যাচ্ছিলেন। কিন্তু জোলির সঙ্গে দেখা হয়ে যাবার আশংকায় নিজের ফ্লাইট রোববারের বদলে সোমবার ১২ অগাস্টে পিছিয়ে নেন তিনি। খবর কন্টাক্টমিউজিকের।

আরও জানা গেছে, লন্ডনে ভ্রমণকালে জোলি এবং জেনিফার দুজনই সাধারণত ‘দ্য ডরচেস্টার’ হোটেলে অবস্থান করেন। কিন্তু এবার কেউই ওই হোটেলে যাননি।

২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে জোলির প্রেমে পড়েন ব্র্যাড পিট। এরপর জেনিফারের সঙ্গে তার পাঁচ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটে। পিটের সঙ্গে বিচ্ছেদের পর যথেষ্ট ভেঙে পড়েছিলেন জেনিফার।

এরপর জোলি যখন সিনেমার সেটে ব্র্যাডের সঙ্গে তার প্রেমের গল্প জনসম্মুখে বলেন, তখন জোলির উপর ক্ষিপ্ত হয়েছিলেন জেনিফার।

সিনেমাটির শুটিং চলার সময় প্রতিদিন ব্র্যাডের সঙ্গে কাজ শুরু করার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেন জোলি।

জোলির এই ভাষ্য সম্পর্কে জেনিফার বলেন, “বিষয়টি মোটেও ভালো কিছু নয়।”