মুক্তি পেল ফেলানীর গান
বিএসএফ-এর গুলিতে নিহত কিশোরী ফেলানীকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘ফেলানী’র গান মুক্তি পেয়েছে কয়েকটি এফএম রেডিও এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘আজ আমার কত রং ঢং সুখো সখি গো’ শিরোনামের গানটি লিখেছেন মামুন মিজানুর রহমান। মাসুমের মিউজিকে গানটিতে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার। চলচ্চিত্রটি নির্মাণ করছেন ইউসুফ চৌধুরী। আর এর স্ক্রিপ্ট লিখেছেন গোলাম রাব্বানী।
এ বিষয়ে গোলাম রাব্বানী গ্লিটজকে বলেন, “১৩ মঙ্গলবার যখন ফেলানী হত্যাকাণ্ডের বিচারের সাক্ষ্য দিতে ভারতের কুচবিহারে যাচ্ছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম তখন এ দেশে মুক্তি পাচ্ছে ফেলানী সিনেমার গান। আর এ গানটি ব্যবহার করা হচ্ছে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ফেলানী’তে।
তিনি জানিয়েছেন, ১৩ অগাস্ট থেকে ফেইসবুক, ইউটিউব ও বেশ কয়েকটি রেডিও স্টেশন থেকে গানটি রিলিজ করা হচ্ছে।
এদিকে নির্মাতা ইউসুফ বলেন, “আসছে শীতে সিনেমাটির শুটিং শেষ হবে। এতে ফেলানীর মা চরিত্রে অভিনয় করবেন রোকেয়া প্রাচী, বাবা চরিত্রে মৃণাল দত্ত। তবে ‘ফেলানী’ চরিত্রের জন্য এখনও শিল্পী চূড়ান্ত হয়নি।”
