সেরা সুগন্ধি বিয়োন্সির
তারকাদের নিজস্ব ব্র্যান্ডের সুগন্ধি কালেকশনের মধ্যে সর্বকালের সেরা সুগন্ধির খেতাব পেয়েছে গায়িকা বিয়োন্সি নোলসের সুগন্ধি ‘হিট’ এবং ‘পালস্’। এ পর্যন্ত সকল সেলিব্রিটি পারফিউমের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই পারফিউম।
ফিমেলফার্স্ট জানিয়েছে, বিয়োন্সির মোট ছয়টি সুগন্ধির প্রথম কালেকশন বাজারে আসে ২০১০ সালে। এরপর থেকে বিশ্বজুড়ে অন্য যে কোনো তারকার ব্র্যান্ডের সুগন্ধির চাইতে বেশি বিক্রি হয়েছে বিয়োন্সির এই ‘হিট’ কালেকশন।
বিয়োন্সির এই সুগন্ধি কালেকশনের একটি পারফিউম সম্প্রতি প্রকাশ করা হয় তার ‘মিসেস কার্টার শো’ ওয়ার্ল্ড ট্যুরে। বিয়োন্সির এই ট্যুরকে স্মরণীয় করে রাখার জন্য বিশেষভাবে প্রকাশ করা হয়েছে লিমিটেড এডিশনের এই পারফিউম। তবে বর্তমানে ট্যুর থেকে বিরতি নিয়েছেন তিনি।
‘হিট’ কালেকশনের এই নতুন সুগন্ধি তৈরি হয়েছে বিভিন্ন ফুল, ফল, ভ্যানিলা এবং চন্দনকাঠের সমন্বয়ে। সুগন্ধিটি বিয়োন্সির অনুষ্ঠানের মতো মানুষের মন জয় করার ক্ষমতা, ভালোবাসা এবং স্বতস্ফূর্ততাকে তুলে ধরবে।
এ বিষয়ে বিয়োন্সির ভাষ্য, “আমি সংগীতকে ভালোবাসি,আমি পারফর্ম করতে ভালোবাসি আর সবকিছুর চাইতে বেশি আমার ভক্তদের ভালোবাসি এবং সমর্থন করি। আমি চেয়েছি তাদের এমন কিছু দিতে যার মাধ্যমে তারা এই ট্যুরের কথা মনে রাখবে। আর আমি এই সুগন্ধি এমনভাবে তৈরি করেছি যেখানে আমার প্রতিটি পারফরম্যান্সের একাত্মতা, ভালোবাসা এবং স্বতস্ফূর্ততা ফুটে ওঠে।”
বিয়োন্সির সুগন্ধি কালেকশনের মধ্যে রয়েছে ‘হিট রাশ’, ‘মিডনাইট হিট’, ‘এনওয়াইসি পালস’। তার প্রথম দুটি সুগন্ধির নাম ছিল ‘হিট’ এবং ‘পালস’। খবর জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
