ফিরছেন মনীষা
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর পুরোপুরি সুস্থ হয়ে ভারতে ফিরেছেন নেপালি বংশোদ্ভূত বলিউডি অভিনেত্রী মনীষা কৈরালা। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, নভেম্বর মাস থেকে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
এ বিষয়ে মনীষার ম্যানেজার সুব্রত ঘোষ সম্প্রতি বলেন, “বর্তমানে যোগব্যায়াম এবং মেডিটেশন করেই সময় কাটাচ্ছেন মনীষা। নেপাল থেকে একজন গুরু এখানে এসেছেন তাকে সহযোগিতা করার জন্য। শারীরিকভাবে তিনি এখন পুরোপুরি সুস্থ। তবে নতুন করে কাজে ফিরতে মানসিক প্রস্তুতি নিচ্ছেন তিনি। তিনি নভেম্বর মাস থেকে নতুন কাজে হাত দেবেন।”
ছয়মাস নিউ ইয়র্কে ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসার পর চলতি বছরের জুন মাসে ভারত ফেরেন মনীষা। শারীরিক এবং মানসিকভাবে নিজেকে গুছিয়ে নভেম্বরে নতুনভাবে অভিনয় জগতে পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
