লিয়ামের টুইটারভীতি
টুইটারকে ভয় পান লিয়াম হেমসওয়ার্থ।
মাইক্রোব্লগিং সাইট টুইটারের সদস্য হওয়ার পর হলিউডি অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ জানিয়েছেন, টুইটারে কোনো ব্যক্তিগত বিষয় তুলে ধরবেন না তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
ফিমেলফার্স্টকে লিয়াম বলেছেন, “টুইটারে আমি ব্যক্তিগত কোনোকিছু শেয়ার করি না। আমি ব্যক্তিগত জীবন নিজের কাছেই রাখি। আমার জীবনে প্রতিটি মুহূর্তে কী হচ্ছে তা আমি সবার সঙ্গে শেয়ার করার প্রয়োজন বোধ করি না।”
লিয়াম আরও বলেন, “আমার মনে হয় এটি ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার একটি অন্যরকম মাধ্যম এবং আপনি কী ধরনের সিনেমায় কাজ করছেন তাও ভক্তরা জানতে পারবে। কিন্তু এটি আমার জন্য একদমই নতুন এবং আমি টুইটারকে সত্যিই অনেক ভয় পাই।”
গায়িকা মাইলি সাইরাসের বাগদত্ত লিয়াম হেমসওয়ার্থ বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘প্যারানয়া’ নিয়ে। থ্রিলার ধাঁচের এই সিনেমাতে তিনি কাজ করেছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে। এটি মুক্তি পাবে অগাস্টের ১৬ তারিখে।
