আন্তর্জাতিক ‘কোচাদাইয়ান’
বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়–কোনের মতে, তামিল অভিনেতা রজনীকান্তের বিপরীতে তার অভিনীত ‘কোচাদাইয়ান’ একটি আন্তর্জাতিক সিনেমা। কারণ রুশ, জাপানি, চীনাসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। খবর জি মিডিয়া ব্যুরোর।
এ বিষয়ে দীপিকা বলেন, “এটি শুধু তামিল সিনেমা নয়, বরং একটি আন্তর্জাতিক সিনেমা। আন্তর্জাতিক সিনেমা বলছি কারণ হিন্দি, ইংরেজি এবং তামিল ছাড়াও রাশিয়ান, জাপানিজ, চাইনিজ এবং তেলেগু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।”
সিনেমাটির ভিজ্যুয়াল এফেক্ট পরিচালনা করেছেন রজনীকান্তের মেয়ে সুন্দরীয়া আর আশউইন। সিনেমাটির ভিজ্যুয়াল এফেক্ট সম্পর্কে দীপিকা বলেন, “এটি একটি থ্রিডি সিনেমা। সিনেমাটিতে অ্যানিমেশন এবং অ্যাকশনের মিশ্রণ রয়েছে। এতে যে ধরনের ভিজ্যুয়াল এফেক্ট ব্যবহৃত হয়েছে তা অন্য কোনো সিনেমায় এর আগে ব্যবহৃত হয়নি।”
