২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ১৮৫ হলে নতুন সিনেমা

ঈদে হল বুকিংয়ের ক্ষেত্রে এগিয়ে শাকিব খানের দুই সিনেমা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

ঈদে দেশের ১৮৫ হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। শাকিব খান অভিনীত দুই সিনেমা ‘লাভ আজকাল’  ও ‘মাই নেম ইজ খান’ এবং অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ঢাকাসহ দেশের বিভিন্ন হলে মুক্তির জন্য এরই মধ্যে পরিবেশকদের কাছ থেকে বুকিং নিয়েছে বলে জানিয়েছেন সিনেমা তিনটির সংশ্লিষ্টরা।

‘লাভ আজকাল’ সিনেমার পরিচালক পিএ কাজল গ্লিটজকে বলেন, “এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেই সূত্রে জাজের পরিচালনাধীন ডিজিটাল প্রযুক্তির সুবিধা সমৃদ্ধ ৭১ সিনেমাহলে এটি মুক্তি পাচ্ছে।”

সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহি। এটি এই জুটির প্রথম সিনেমা হওয়ায় সিনেমা পিপাসুদের বাড়তি আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শাকিব খান-অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘মাই নেম ইজ খান’ আরেক ধাপ এগিয়ে গেছে। সিনেমাটি জাজের বাকি ৩০টি ডিজিটাল হলসহ মোট ৭৫ সিনেমাহলে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এর পরিচালক বদিউল আলম খোকন।

খোকন বলেন, “মোট ৭৫ হলে সিনেমাটি ঈদের দিন থেকে প্রদর্শিত হবে। আমরা ঈদের দিন ঢাকায় ও আশপাশে কিছু সিনেমাহলে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করার পরিকল্পনা করছি। শাকিব দেশের বাইরে থাকায় আমাদের সঙ্গে থাকছেন না। তবে আমার ইউনিটের অন্যরা থাকবেন দর্শকদের সঙ্গে।”

অন্যদিকে অনন্ত-বর্ষা অভিনীত ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ডিজিটাল হলসহ ৩৫ মিলিমিটার প্রযুক্তি সুবিধাসম্পন্ন ৩০ সিনেমাহলে মুক্তি পাচ্ছে।

এ বিষয়ে এর প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক মুনসুন ফিল্মস থেকে জানা গেছে, সিনেমাটি ঈদের দিন মোট ৪০ সিনেমাহলে মুক্তি পাচ্ছে এবং দ্বিতীয় সপ্তাহের জন্য আরও কিছু সিনেমাহলের সঙ্গে তাদের চূড়ান্ত কথা হয়েছে।

সিনেমাটি ঈদের দিন থেকে ঢাকায় অবস্থিত স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে।

সব মিলিয়ে এবারের ঈদে এখন পর্যন্ত শাকিব তার দুই সিনেমা নিয়ে নিজের সঙ্গে প্রতিযোগিতা করছেন। তার আরেক প্রতিযোগী অনন্ত জলিল প্রথম সপ্তাহে কিছুটা পিছিয়ে থাকলেও দ্বিতীয় সপ্তাহ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার আভাস দিচ্ছেন। এখন তারা দর্শকের মন কতটা জয় করতে পারেন সেটাই দেখার বিষয়।