২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটম্যান হবেন রায়ান?

‘ম্যান অফ স্টিল’ সিকুয়েলে ব্যাটম্যান চরিত্রে অভিনয় করতে পারেন রায়ান গসলিং।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 04:40 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

পরিচালক জ্যাক স্নাইডার তার ‘ম্যান অফ স্টিল’ সিকুয়েলে সুপারম্যানের পাশাপাশি নিয়ে আসছেন আরেক সুপারহিরো ব্যাটম্যানকে; হলিউডে জোর গুজব-- ব্যাটম্যানের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা রায়ান গসলিংকে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ সিনেমায় ব্যাটম্যানরূপী ব্রুস ওয়েনের চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স এরই মধ্যে কথা বলেছে বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে। এর মধ্যে রয়েছেন ‘দ্য হবিট’ খ্যাত অভিনেতা রিচার্ড আর্মিটেজ এবং ‘প্যাসিফিক রিম’ অভিনেতা ম্যাক্স মার্টিনিও। তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও আছেন জশ ব্রোলিন এবং জো ম্যাঙ্গানিয়েলো। তবে, চরিত্রটি বাগানোর দৌড়ে রায়ান গসলিংই আছেন সবচেয়ে এগিয়ে, এমন তথ্যই জানিয়েছে হলিউড রিপোর্টার।

ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ সিরিজের মতো আধুনিক যুগে ব্যাটম্যানের উত্থান দেখানো হবে না নতুন এই সিকুয়েলে। ত্রিশ এবং চল্লিশের দশকের ব্যাটম্যানকেই এখানে পাবেন দর্শকরা, যে সময়ের মধ্যে সুপারহিরো হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে গেছেন ব্রুস ওয়েন।