ঢাকায় ব্র্যাড পিট
সিনেপ্লেক্সে সিনেমা দেখতে টিকেট কাটা যাবে অনলাইনে।
এবারের ঈদে ঢাকায় থাকছেন হলিউডি অভিনেতা ব্র্যাড পিট। তবে স্বশরীরে নয়, তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ নিয়ে। জুনে হলিউডে মুক্তি পাওয়া সিনেমাটি ঢাকায় এনেছে স্টার সিনেপ্লেক্স। তারা ঈদে আরও মুক্তি দিচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’ সিনেমাটিও। বাংলাদেশের অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ প্রদর্শন করবে তারা। এবারে তারা দর্শকদের সুবিধার্থে অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখছে।
ব্রাড পিটেরই নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান প্লান বি এন্টারটেইনমেন্টের সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ তৈরি হয়েছে ম্যাক্স ব্রুকসের উপন্যাস অবলম্বনে। এটি পরিচালনা করেছেন মার্ক ফর্স্টার। ২৪ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’ ফ্রাঞ্চাইজি সিরিজের ষষ্ঠ সিনেমা। এটি পরিচালনা করেছেন জাস্টিন লিন।
এদিকে অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’র জন্য এরই মধ্যে কাগজে কলমে বিষয়টি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।
এবারে ঈদে স্টার সিনেপ্লেক্সের আয়োজন সম্পর্কে মেজবাহ বলেন, “দর্শকদের ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতেই আমাদের এই আয়োজন। দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে অনলাইন টিকেটিং চালু করছে ঢাকার মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। তাই দর্শকরা এখন ঘরে বসে খুব সহজে কাক্সিক্ষত সিনেমার টিকেট পেয়ে যাবেন।”
