এশিয়ানের প্রথম ঈদ
এশিয়ান টেলিভিশনের ঈদ আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন।
স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন ৫ দিনের ঈদ-অনুষ্ঠান নিয়ে এসেছে। আয়োজনে রয়েছে চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম, তারকাদের আড্ডাসহ বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান।
শনিবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব বিষয় জানান এশিয়ান টিভি কর্তৃপক্ষ। সম্মেলনে উপস্থিত ছিলেন, অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন, চম্পা, ফেরদৌস, বাঁধন, শখ, সংগীতশিল্পী হামিন আহমেদ, শাফিন আহমেদ, মিলন মাহমুদ, পুতুল, কিশোর, উপস্থাপক আলিফ, নাবিলা প্রমুখ। আরও ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। সম্মেলন পরিচালনা করেন টিভি চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু।
অনুষ্ঠান প্রধান বাবু জানান, অনুষ্ঠানের মধ্যে রয়েছে, ধারাবাহিক নাটক ‘সেকেন্ড ইনিংস’, ও ‘জীবন সংসারে’র বিশেষ পর্ব। সজল, বিন্দু, মম, মোনালিসা, শখ ও মেহজাবিন অভিনীত ধারাবাহিক নাটক ‘লুকোচুরি’। ধারাবাহিক নাটক ‘অতপর : বিয়ে’। ফেরদৌসের উপস্থাপনায় ‘এশিয়ান মিউজিক আওয়ার’য়ে গাইবেন রুনা লায়লা-উষা উত্থুপ, সাবিনা ইয়াসমিন-নচিকেতা, কুমার বিশ্বজিৎ-রূপঙ্কর, ফাহমিদা নবী-সুরজিত এবং আঁখি আলমগীর-স্বপন বসু জুটি।
টিভি চ্যানেলটি ঈদের ৫ দিনে ৫টি বাংলা চলচ্চিত্র প্রর্দশন করবে।
