২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে সাত অ্যালবাম

অডিও প্রতিষ্ঠান ইমপ্রেস অডিও ভিশন ঈদে সাতটি অ্যালবাম প্রকাশ করছে। এর মধ্যে তিনটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম, একটি নজরুল সংগীতের, একটি দেশাতœবোধক এবং একটি আধুনিক গানের এবং সাভার ট্রাজেডি নিয়ে একটি অ্যালবাম প্রকাশিত হচ্ছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 02:18 AM

Updated : 25 Apr 2022, 07:05 PM

ইমপ্রেস অডিও ভিশন থেকে জানানো হয়েছে, রেজওয়ানা চৌধুরীর বন্যার ‘ছুটির বাঁশি’, ফেরদৌস আরার নজরুল সংগীতের অ্যালবাম ‘দাও শৌর্য দাও ধৈর্য’ প্রকাশিত হচ্ছে। ‘মায়ের সবুজ আঁচল’ শিরোনমে মাহবুব আহমেদের লেখা দেশাত্মবোধক গানের অ্যালবাম, অভীকের ‘সামনে মিলন স্বর্গ’, ফাহিম হাসান শাহেদের ‘তুমি কোন কাননের ফুল’, ইমনের আধুনিক গানের ‘মেঘলা মন’ এবং ‘সাভার ট্রাজেডি’ শিরোনামে ফকির আলমগীরের অ্যালবাম প্রকাশিত হচ্ছে।

রেজওয়ানা চৌধুরী বন্যার অ্যালবামে থাকছে তার গাওয়া ১০ রবীন্দ্রসংগীত। ফেরদৌস আরার অ্যালবামে থাকছে ১০ নজরুলসংগীত। ‘মায়ের সবুজ আঁচল’-এ থাকছে ১১টি দেশাত্মবোধক গান। এতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, আবদুল জব্বার, সৈয়দ আবদুল হাদী, ফেরদৌস আরা, সুবীর নন্দী, ফাতেমা তুজ জোহরা, ফাহমিদা নবী, সাদেকা বোরহান ও রাজিব। গানগুলোর সুর ও সংগীত করেছেন গোলাম সরোয়ার।

সাভার ট্রাজেডিতে নিহত শ্রমিকদের স্মরণে ফকির আলমগীরের কণ্ঠে ৯ গণসংগীত ও আসাদুজ্জামান নূর, আহকামউল্লাহ, মাহিদুল ইসলামের কণ্ঠে তিনটি আবৃত্তি নিয়ে অ্যালবাম ‘সাভার ট্রাজেডি’। রবীন্দ্রনাথের ১০ গান নিয়ে ফাহিম হাসান শাহেদের অডিও সিডি ‘তুমি কোন কাননের ফুল’-এ থাকছে ‘তুমি কোন কাননের ফুল’, ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’, ‘তুমি কেমন করে গান করো হে গুণী’ প্রভৃতি গান। এতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন কান্তি আনন্ত্য নুজহাত। সংগীত পরিচালনা করেছেন ফাহিম হাসান শাহেদ ও সোহেল আজিজ।

ইমনের ‘মেঘলা মন’-এর গানগুলো হল ‘মেঘলা মন’, ‘বিকেলের রোদ’, ‘আরশী’, ‘স্মৃতির জোছনা’, ‘নির্বাক অনুভূতি’, ‘ইশারা’, ‘ভালোবাসি’, ‘মা-বাবা’। এতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন জীবন ও বিন্তি।

অভীকের ‘সামনে মিলন স্বর্গ’-এ থাকছে ‘মহাবিশ্বে মহাকাশে’, ‘বসে আছি হে’, ‘বাহির পথে বিবাগী’, ‘মায়াবনবিহারিনী’, ‘তবু মনে রেখ’ প্রভৃতি।