২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিডিতে শোলে

বলিউডি পরিচালক রমেশ সিপ্পির ক্লাসিক সিনেমা ‘শোলে’ এবার মুক্তি পাবে থ্রিডি সংস্করণে। ৩৮ বছর পর নতুন করে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য জমকালো প্রিমিয়ারের আয়োজন করবেন এর নির্মাতারা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 08:51 AM

Updated : 23 Aug 2022, 06:39 PM

অক্টোবরে অনুষ্ঠিতব্য এই প্রিমিয়ারে সিনেমাটির মূল কলাকুশলী অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং হেমা মালিনীকে আমন্ত্রণ জানাবেন সিনেমাটির প্রযোজকরা। আরও থাকবেন সিনেমাটির মূল দুই চিত্রনাট্যকার সেলিম খান এবং জাভেদ আখতার।

এ বিষয়ে প্রযোজক জয়ন্তিলাল গাদা বলেন, “আমরা অবশ্যই একটি বড় ধরনের উৎসবের আয়োজন করব। ইতোমধ্যেই বলিউডের বিভিন্ন সংস্থা আমাদের নানাভাবে সাহায্য করেছে। আর অক্টোবরে এই অনুষ্ঠানে আমরা সিনেমাটির সব কলাকুশলীর পাশাপাশি সারা বলিউডকে আমন্ত্রণ জানাব।”

এর আগে ‘শোলে’ থ্রিডি অগাস্টের ১৫ তারিখ মুক্তি দেওয়ার কথা ছিল। ১৯৭৫ সালে এই দিনেই প্রথম মুক্তি পেয়েছিল ‘শোলে’। কিন্তু একই দিনে আরও অনেক বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় থাকায় সিনেমাটি এর প্রযোজক জিপি সিপ্পির জন্মদিনের দিন অর্থাৎ সেপ্টেম্বরের ১৩ তারিখ মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।

তবে সিনেমাটি মুক্তির জন্য শুধুমাত্র মাল্টিপ্লেক্স সিনেমাহলগুলোই বুকিং দিচ্ছেন প্রযোজকরা। এ বিষয়ে গাদা আরও বলেন, “আমরা অন্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না। আমরা সিনেমাটি শুধুমাত্র দর্শনার্থী এবং পরিবেশকদের দেখাব, যেন তারা বুঝতে পারেন কাজটি কত বড় মাপের।”