২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্য স্টোরি অব সামারা’তে এটিএম

‘দ্য স্টোরি অব সামারা’তে অভিনয় করবেন এটিএম শামসুজ্জামান

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 06:31 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

নতুন চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এটিএম শামসুজ্জামান। এতে তিনি কমেডি-চরিত্রে কাজ করবেন। ভারটেক্স প্রোডাকশন থেকে নির্মিতব্য এ সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি চলচ্চিত্র নির্মাতা রিকিয়া মাসুদো। সিনেমাটিতে আরও অভিনয় করছেন সিবা আলী খান, সাঞ্জু, আমান, কাবিলা প্রমুখ।

এ প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, “কমেডির জয়জয়কার চলছে এখন। নির্মাতারা কমেডি ফিল্ম বানানোর জন্য ঝুঁকছেন। এ কারণেই হয়তো আমাকে এই চরিত্রে ডাকা হয়েছে। আমি আশা করছি কাজটা ঠিকমতোই শেষ হবে।”

বর্তমানে কমেডি চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রে অভিনয়ের ক্ষমতা এখনও তার রয়েছে বলে মনে করেন এটিএম শামসুজ্জামান। তেমন প্রস্তাব আসলে বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে তিনি জানান।

এদিকে রিকিয়া মাসুদো বলেন, “সিনেমার পুরো গল্প কিন্তু কমেডিভিত্তিক না। এটা মূলত সায়েন্স ফিকশন সিনেমা। ভিনগ্রহ সামারা থেকে কয়েকটি বুদ্ধিমান প্রাণী আসে পৃথিবীতে। খুঁজতে থাকে বিশেষ ক্ষমতার পাঁচজন তরুণ-তরুণীকে। তাদের একজনের বাবা হিসেবে অভিনয় করবেন এটিএম শামসুজ্জামান। তার অভিনয়ক্ষমতা নিয়ে কিছু বলার নাই। আমার সিনেমার জন্য তিনি সেরা সিলেকশন বলে মনে করছি।”