একসঙ্গে আট অ্যালবাম
এক মঞ্চ থেকে প্রকাশিত হল সিডি চয়েজের আটটি অ্যালবাম।
ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে ২৯ জুলাই সন্ধ্যায় একসঙ্গে আটটি অ্যালবামের মোড়ক খোলা হয়েছে। অ্যালবামগুলো হল কণ্ঠশিল্পী শহিদের তৃতীয় একক ‘নীল ছোঁয়া’, ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘সাম্পান’, মিক্সড অ্যালবাম ‘জনম জনম তোমাকে’, আনিসা বিনতে আবদুল্লাহর ‘আনিলা-২’, বিনতির ‘মেঘলা দিন’, মিক্সড অ্যালবাম ‘রাজকন্যা’ ও ‘আড়ালে’।
অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু মিউজিক ইন্ড্রাস্ট্রির সংকট তুলে ধরে বলেন, “আজকে যারা সাহস করে অ্যালবাম বের করছেন আগামী বছর তাদের জাদুঘরে যেতে হবে। চলমান সংকট ও স্বত্ত্ব নিয়ে জটিলতা না কাটলে আমরা সবাই জাদুঘরে থাকব। গান হল শিল্পীর। কিন্তু আমরা কোনো রয়ালিটিই পাচ্ছি না। এই সংকট থেকে বেরিয়ে আসতে না পারলে মিউজিক ইন্ড্রাস্ট্রি থাকবে না।”
তিনি আরও বলেন, “যাদের অ্যালবাম বের হল ঘণ্টাখানেকের ভেতরে তাদের গাওয়া গান ওয়েবে পাওয়া যাবে। অথচ অর্থ ও শ্রমের বিনিময়ে শিল্পীরা এই কাজ করেন। তাদের টিকিয়ে রাখতে হলে এই পরিস্থিতির পরিবর্তন হওয়া উচিত।”
