‘কোনান’ সিরিজে আরনল্ড
আরনল্ড শোয়ার্জনেগার ‘কোনান’ সিরিজের তিনটি সিনেমাতেই অভিনয় করবেন।
আবার ‘কোনান দ্য বারবারিয়ান’ চরিত্রে দেখা যাবে হলিউডি অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগারকে। ১৯৮২ সালের জনপ্রিয় সিনেমা ‘কোনান দি বারবারিয়ান’-এর অভিনেতা জানিয়েছেন, নির্মিতব্য ‘লিজেন্ড অফ কোনান’ সিরিজের প্রথম সিনেমাটি জনপ্রিয়তা পেলে পরবর্তী সিনেমাগুলোতেও অভিনয় করবেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
১৯৮২ সালের মূল সিনেমাটির সিকুয়েল হিসেবেই নির্মিত হবে ‘লিজেন্ড অফ কোনান’ সিরিজের সিনেমা দুটি । জানা গেছে, নতুন এই সিরিজে নিজের চরিত্রটির বেশ প্রশংসাই করেছেন আরনল্ড।
প্যারাডক্স এন্টারটেইনমেন্টের ফেড্রিক মামবার্গ বলেছেন, “আমাদের হাতে খুব ভালো একটি গল্প আছে। সকলেই এটি খুব পছন্দ করেছেন। চরিত্রটি শোয়ার্জনেগারের জন্য আদর্শ। আমরা এবার সবচেয়ে ভালো একটি দল পেয়েছি। আশা করছি খুবই ভালো একটি সিনেমা নির্মাণ করব।”
