ডিয়াজের পছন্দ রবার্ট
রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেম করতে চান ক্যামেরন ডিয়াজ।
হলিউডি অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ প্রেম করতে চান রবার্ট প্যাটিনসনের সঙ্গে। হলিউডে এখন জোর গুজব, রবার্টকে পটানোর পরিকল্পনা করছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
দ্য সান জানিয়েছে, সম্প্রতি অভিনেত্রী রিজ উইদারস্পুন বান্ধবী ক্যামেরনকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার ক্যালিফোর্নিয়ার খামারবাড়িতে। তার সঙ্গে বসে ওয়াইনের স্বাদ নেওয়ার জন্য। আর ক্যামেরন শত ব্যস্ততার ভেতরেও এক কথায় রাজি হয়ে যান। কারণ তিনি জানতে পারেন রিজের অন্যতম ভালো বন্ধু রবার্টও সেদিন ওখানে উপস্থিত থাকবেন।
এদিকে এক সূত্র জানিয়েছে, ক্যামেরন মনে করেন রবার্ট যথেষ্ট সুদর্শন একজন পুরুষ।
রবার্ট তার চেয়ে ১৩ বছরের ছোট হলেও, এতে নাকি কোনো সমস্যা নেই ৪০ বছর বয়সী ক্যামেরনের।
সূত্রটি আরও জানিয়েছে, রবার্টকে অনেক আগে থেকেই পছন্দ করতেন ক্যামেরন। কিন্তু ওই সময় রবার্ট তার সাবেক প্রেমিকা ক্রিস্টেনের সঙ্গে ছিলেন; আর তাই দূরত্ব বজায় রেখেছিলেন তিনি।
