চলে গেলেন জেজে কেল
সংগীতশিল্পী ও গীতিকার জেজে কেল ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আমেরিকান গীতিকার এবং গায়ক জেজে কেল শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর বিবিসি নিউজের।
২৬ জুলাই জেজের ওয়েবসাইট জেজেকেল ডট কম-এ একটি ঘোষণার মাধ্যমে জানানো হয়, তিনি ক্যালিফোর্নিয়ার লা জলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
জেজের জন্ম হয় ১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে। ব্লুজ, রকাবিলি এবং কান্ট্রি মিউজিকের মিশেলে তৈরি এক বিশেষ মিউজিক স্টাইল ‘টুলসা সাউন্ড’-এর অন্যতম প্রবক্তা ছিলেন জেজে।
এরিক ক্ল্যাপটনের গাওয়া ‘আফটার মিডনাইট’ গানটির কথা লিখে ১৯৭০ সালে খ্যাতি অর্জন করেন জেজে।
১৯৭৭ সালে জেজের লেখা আরও একটি গান খ্যাতি অর্জন করে, যার নাম ছিল ‘কোকেইন’। গানটি গেয়েছিলেন এরিক ক্ল্যাপটন। এরপর এরিক এবং জেজে একসঙ্গে ২০০৮ সালে একটি অ্যালবাম প্রকাশ করেন, যা তাদের গ্র্যামি অ্যাওয়ার্ড এনে দেয়।
‘আফটার মিডনাইট’ গানটির পরে জেজে তার নিজের ১৪টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছেন।
নিজেকে গায়কের চাইতে গীতিকার হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন জেজে। কিন্তু তিনি বেশ কয়েকবার গান গেয়েছেন টম পেটি, কার্লোস সানটানাসহ বিভিন্ন শিল্পীর সঙ্গে।
