কিছু বলবেন না শাহরুখ
সালমান খানের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে নারাজ শাহরুখ খান।
সালমান খানের সঙ্গে দ্বন্দ্বের অবসান সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন শাহরুখ খান। বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই অভিনেতা শাহরুখ এবং সালমান খানের দ্বন্দ্বের অবসান নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি মন্তব্য করলেও শাহরুখ নিজে এ বিষয়ে মুখ খুলতে নারাজ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার প্রচারণা চলাকালে শাহরুখ বলেন, “আমার ব্যক্তিগত কোনো বিষয়ে আমি সকলের সামনে কখনও কথা বলি না। সেটা আমার এবং সালমানের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য।”
এর আগে ২১ জুলাই মুম্বাইয়ে একটি ইফতার মাহফিলে তাদের দুজনের দীর্ঘ দ্বন্দ্বের অবসান ঘটে। তারা একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান।
২০০৮ সালে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনে তাদের দ্বন্দ্বের সূত্রপাত ঘটে।
বর্তমানে মুক্তিপ্রতিক্ষীত ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শাহরুখ। আর সে উদ্দেশ্যে ঘনিষ্টদের নিয়ে একটি ইফতার পার্টির আয়োজন করতে যাচ্ছেন তিনি। সেখানে বলিউডের খ্যাতনামা ব্যক্তিত্বরা আমন্ত্রিত হয়েছেন। তবে পার্টিতে সালমান আমন্ত্রিত কি না তা এখনও জানা যায়নি।
