সালমান-শাহরুখের বন্ধুত্বে খুশি সেলিম
ছেলের সঙ্গে শাহরুখের নতুন বন্ধুত্বের বিষয়ে বললেন সালমানের বাবা সেলিম খান।
বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে বলিউডি অভিনেতা সালমান খান এবং শাহরুখ খানের দ্বন্দ্বের অবসান ঘটায় আনন্দিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন সালমানের বাবা সেলিম খান। খবর জি মিডিয়া ব্যুরোর।
সালমান-শাহরূখের দীর্ঘ দিনের রেশারেশি টিনসেলে বহুল আলোচিত। তবে ওই তিক্ত সম্পর্কের ইতি টানতে সালমান নিজে যে শাহরুখকে আলিঙ্গন করেছেন, তাতে গর্বিত তার বাবা সেলিম। তিনি বলেন, “আমি খুবই আনন্দিত যে আমার ছেলেই তাদের রেশারেশি মেটানোর প্রথম উদ্যোগটি নিয়েছেন। তবে আমি মনে করি এ বিষয়কে খুব বেশি প্রাধান্য না দেওয়াই ভালো। তারা দু’জনে একই ক্ষেত্রে কাজ করেন, সুতরাং সহকর্মীদের মধ্যে ছোট-খাটো রেশারেশি হতেই পারে।”
সেলিম আরও বলেন, “তাদের সমস্যা যেমন হয় তেমনি তা মিটেও যায়। তবে এটি ঠিক যে বড় মাপের অভিনেতারা কখনও একে অপরকে ভালোবাসবেন না। তারা ভদ্রতার খাতিরেই শুভেচ্ছা বিনিময় করেন। তবে দ্বন্দ্ব থাকা ঠিক নয়। আমি মনে করি সালমান এবং শাহরুখও বিষয়টি বুঝতে পেরেছেন।”
