বলিউডে ‘ব্যোমকেশ’!
‘চ্যালেঞ্জিং’ সিনেমা হবে ‘ব্যোমকেশ’: দিবাকর ব্যানার্জি
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বকশির কাহিনি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউডি পরিচালক দিবাকর ব্যানার্জি। তিনি মনে করছেন তার কর্মজীবনের অন্যতম ‘চ্যালেঞ্জিং’ কাজ হবে এটি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
এ বিষয়ে দিবাকর বলেন, “এ সিনেমা নির্মাণের প্রতিটি ক্ষেত্রেই ‘চ্যালেঞ্জ’-এর সম্মুখীন হতে হবে। ১৯৪২ সালের প্রেক্ষাপটে কলকাতাকে চিত্রায়িত করা একটি কঠিন কাজ। আমার কর্মজীবনের অন্যতম কঠিন সিনেমা হতে যাচ্ছে এটি।”
দিবাকর আরও বলেন, “আমার জন্য অত্যন্ত কঠিন একটি সিনেমা হতে যাচ্ছে এটি। তাই আমার মনে হয় এই সিনেমাটির পর কিছুদিনের জন্য বিরতি নিতে হবে।”
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ৩৩টি রহস্যগল্পের ভিত্তিতে নির্মিত হবে সিনেমাটি। ১৯৩২ থেকে ১৯৭০ সালের কলকাতার প্রেক্ষাপটে গড়ে উঠেছে ওই গল্পগুলোর কাহিনি। দিবাকর জানিয়েছেন তার সিনেমায় ব্যোমকেশ চরিত্রে অভিনয় করবেন নবাগত বলিউডি অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
