মায়ের জন্যই আমি নিপুণ’
সাফল্যের জন্য মায়ের অবদানই সেরা।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুণ তার আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে মায়ের অবদানকে সর্বোচ্চ বলে অভিমত দিয়েছেন। একটি আড্ডা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “সবার চেয়ে মা আমাকে বেশি ভালোবাসেন। মায়ের বিশ্বাস আমি কিছু একটা করব। তাঁর সে বিশ্বাস কতটুকু রক্ষা করতে পেরেছি, জানি না। তবে মা আমাকে নিয়ে খুশি। এ কথা বারবার বলেন। এ জন্য আমিও খুশি। আর মায়ের জন্যই আমি আজকের নিপুণ হতে পেরেছি।”
এদিকে তার মা মনোয়ারা বেগম মেয়ে সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, “আমার সন্তান আদর্শ সন্তান। ছোটবেলা থেকেই সে আমার কথা মেনে চলেছে। বরাবরই পড়াশোনায় ভালো সে। আর অভিনেত্রী হওয়ার পেছনে তার সততা তাকে সফল করেছে।”
তানিয়া আহমদের উপস্থাপনায় সেলিব্রেটি টক শো ‘আমি আর মা’য়ের দৃশ্য ধারণ করার সময় মা-মেয়ের আলাপচারিতায় এমন অনেক বিষয় উঠে এসেছে। সোহেল রানা বিদ্যুৎয়ের প্রযোজনায় অনুষ্ঠানটিতে নিপুণের মা জানিয়েছেন মেয়ের ছোট থেকে বড় হওয়ার নানা মজাদার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার ছোট বেলার ছবি ও ভিডিও ফুটেজ।
অনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হবে ২৬ জুলাই শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে।
