২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোমার গল্পে সবার ঈদ

প্রতিযোগিতায় নির্বাচিত গল্পের নাট্যরূপ দিচ্ছেন মাতিয়া বানু শুকু, বদরুল আনাম সৌদ, রুলিন রহমান, চয়নিকা চৌধুরী ও এস এ হক অলিক।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 05:32 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

ঈদের নাটকের জন্য দ্বিতীয়বারের মতো ‘তোমার গল্পে সবার ঈদ’ শীর্ষক গল্প লেখা প্রতিযোগিতার গল্প বাছাই চূড়ান্ত করেছে বৈশাখী টেলিভিশন। এবারের নির্বাচিত গল্প রকিবুল ইসলামের দিব্য দৃষ্টি, মোহাম্মদ মোজাফফর হোসেনের মিডিয়া ভাসের্স নো বডি, মিনতি অধিকারীর পুশিং সেল, তৌহিদুর রহমানের একজন ভদ্র মহিলা অথবা মায়ের গল্প এবং তানভীর মাহমুদুল হাসানের বাড়ি নম্বর ৪৫।

এ বিষয়ে বৈশাখী টিভির প্রোগ্রাম ম্যানেজার পলাশ মাহবুব গ্লিটজকে বলেন, “শ্রেষ্ঠ ৫ গল্প বাছাই করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন এবং আনিুসল হক। গল্পের নাট্যরূপ দেবেন ও পরিচালনা করবেন মাতিয়া বানু শুকু, বদরুল আনাম সৌদ, রুলিন রহমান, চয়নিকা চৌধুরী ও এস এ হক অলিক।”

নির্মাতা চয়নিকা চৌধুরী গ্লিটজকে বলেন, “আমি নির্মাণ করছি তৌহিদুর রহমানের ‘একজন ভদ্র মহিলা অথবা মায়ের গল্প’ থেকে নাটক। নাটকটির চিত্রধারণ চলছে এখন। অভিনয় করছেন জিয়াউল হক অপূর্ব, রিচি সোলায়মান, শর্মিলী আহমেদ, শিশুশিল্পী টাপুর টুপুর প্রমুখ।”

পলাশ মাহবুব আরও জানান, এবারে গল্প জমা পড়েছে ১২,৩৬১। প্রাথমিকভাবে বাছাই করা হয় প্রায় দশ হাজার গল্প। প্রাথমিক বাছাই থেকেই শ্রেষ্ঠ ৫ গল্প বাছাই করা হয়। এ আয়োজনের মাধ্যমে শ্রেষ্ঠ ৫ গল্পের লেখকেরা প্রত্যেকে ৫০ হাজার টাকা উপহার পাচ্ছেন। নাটকগুলো পর্যায়ক্রমে প্রচার হবে ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১ টায়।