২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের ঘুম নেই

ব্যস্ততার কারণে ঘুমাতে পারছেন না শাহরুখ খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 05:31 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

একে তো কাজের চাপ, তার উপর পরিবারে নতুন অতিথির আগমন-- সব মিলিয়ে ব্যস্ততা এতই বেশি, যে ঘুমের সময়টুকুও পাচ্ছেন না শাহরুখ খান। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

নতুন সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রচারণা এবং বাড়িতে নতুন সন্তানকে সময় দেওয়া, বলিউডি অভিনেতা শাহরুখের চব্বিশ ঘণ্টা-ই এখন কাটছে এভাবে। ব্যস্ততার কারণে একটু বিশ্রামের সময়ও পাচ্ছেন না তিনি। এদিকে তার চিকিৎসকরা তাকে নিয়ে চিন্তায় পড়েছেন। কারণ অন্তত ১০ ঘণ্টা করে না ঘুমালে সদ্য অস্ত্রোপচারের দুর্বলতা থেকে সেরে উঠবেন না শাহরুখ।

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে এক সূত্র জানিয়েছে, “গত সপ্তাহে শাহরুখ দীপিকার সঙ্গে একটি নাচের কঠিন কিছু স্টেপের শুটিং করেছেন। তার জন্য দুদিন তাদের খাটতে হয়েছে ১৮ ঘণ্টা করে। এরপর তিনি দিনের বাকি সময় একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার জন্য তিনি ডাবিং করেছেন রাত তিনটা পর্যন্ত। এরপর ৪টার দিকে বাড়ি ফিরে তিনি সকাল আটটায় বেরিয়ে পড়েন জরুরি মিটিংয়ের উদ্দেশে। তিনি ঘুমানোর কোনো সময় পাচ্ছেন না।”

চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছিলেন পুরোপুরি সেরে ওঠার আগ পর্যন্ত লোকজনের ভিড় থেকে দূরে থাকতে। কিন্তু শাহরুখ তা মানতে নারাজ। সূত্রটি আরও জানিয়েছে, শাহরুখ পরিকল্পনা করছেন প্রতিদিন দুটি শহরে গিয়ে সিনেমার প্রচারণা চালাবেন। সিনেমাটির উপর ভিত্তি করে একটি ভিডিও গেইম বের হবে; তিনি ভাবছেন গেইমটি উদ্বোধনের দিন কিছু বিশেষ স্টান্ট পারফর্ম করে দেখাবেন। কিন্তু তার স্বাস্থ্য নিয়ে এখন চিন্তিত তার চিকিৎসক এবং দলের সবাই।